প্রায় ১৩ বছর পর জেলমুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত মামলায় জামিনের আদেশ দিয়েছে আদালত। সেই মোতাবেক সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ, বৃহস্পতিবারই জেলের বাই...
প্রায় ১৩ বছর পর জেলমুক্তি হতে চলেছে সারদা কর্তা সুদীপ্ত সেনের। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে হওয়া সমস্ত মামলায় জামিনের আদেশ দিয়েছে আদালত। সেই মোতাবেক সবকিছু ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ, বৃহস্পতিবারই জেলের বাইরে পা রাখতে পারবেন তিনি। তবে ভোটমুখী বঙ্গে এই বিষয়টিকে কেন্দ্র করে নানা আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
বুধবার কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সুদীপ্ত সেনের জামিন ঘোষণা করেন। রাজ্য পুলিসের দায়ের করা দুটি মামলা থেকে অব্যাহতি দেওয়া হয় তাঁকে। ফলে জেল থেকে বেরোনোর পথে আর কোনও আইনি জটিলতা রইল না সারদা কর্তার। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সব কিছু ঠিক থাকলে আগামীকালই প্রেসিডেন্সি জেল থেকে বাড়ির দিকে রওনা দিতে পারবেন সুদীপ্ত সেন।
সিবিআইয়ের হাতে মোট ৭৬ টি মামলা ছিল সুদীপ্তর বিরুদ্ধে। সেই সমস্ত মামলায় আগেই জামিন দেওয়া হয়েছিল তাঁকে। এরপর রাজ্য পুলিসের দায়ের করা দুটি মামলায় জেলবন্দি ছিলেন সুদীপ্ত। মঙ্গলবার সেই দুটি মামলা থেকেও অব্যাহতি দেওয়া হয় চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্তে। গতকাল আদালতে মামলাকারীর আইনজীবী জানান, ৩৮৯টি মামলা হয়েছিল সারদা মামলায়। সেই ঘটনায় ২০১৩ সালের ২৭ এপ্রিল গ্রেফতার হন সারদাকর্তা। সিবিআই ৭৬টি মামলা হাতে নেয়। তারা সব মিলিয়ে চারটে মামলা দায়ের করে। বাকিগুলোয় রাজ্য পুলিস চার্জশিট দেয়। সেই চার মামলায় জামিন পেয়ে যান সুদীপ্ত। বেল বন্ড জমা দেন তিনি। তবে রাজ্য পুলিসের হাতে থাকা ৩০৮টি মামলার মধ্যে দুটি ঝুলে ছিল। তবে মঙ্গলবার সেই মামলা থেকেই নিষ্পত্তি দেওয়া হয় সুদীপ্তকে।