ভোট আবহে কোমর বেঁধে তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকেরা। শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করা হয় ইডি দফতরে। শনিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়।...
ভোট আবহে কোমর বেঁধে তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকেরা। শুক্রবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসুকে তলব করা হয় ইডি দফতরে। শনিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে ফের একবার কেন্দ্রীয় গোয়েন্দাদের তলব 'উপেক্ষা' করলেন সুজিত। বদলে তাঁর ছেলে, সমুদ্র বসু আজ ইডি দফতরে গিয়ে হাজিরা দিয়েছেন বলে খবর সূত্রের।
ইডি সূত্রে খবর, সুজিত বসুকে পুরনিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের এদিন তলব করা হয়েছিল। এর আগেও তাঁকে দু'বার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার জন্য চিঠি পাঠান হয়েছিল। কিন্তু নানা কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সুজিত। গত বৃহস্পতিবার ইডিকে একটি চিঠি পাঠিয়েছিলেন তৃণমূল মন্ত্রী। তাতে তিনি জানিয়েছিলেন, ভোটের কাজে তিনি বর্তমানে ব্যস্ত। তাই হাজিরা দিতে পারছেন না। ভোটের পর মে মাসে হাজিরা দিতে পারবেন। এরপরেই ইডির তরফে তৃতীয়বার তলব নোটিশ পাঠান হয় তাঁকে।
কিন্তু শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে পারেননি সুজিত। বদলে তাঁর ছেলে সমুদ্র প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ইডি দফতরে গিয়েছেন। সূত্রের খবর, শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সেখানে গিয়েছেন তিনি। তবে সুজিত পুত্রের উপস্থিতিতে আদৌ ইডি আধিকারিকরা সন্তুষ্ট হবেন কিনা, তা নিয়ে বাড়ছে জল্পনা।