সাউন্ড বক্স ভাড়া নিয়ে বচসা জের! ব্যাপক মারধরে মৃত্যু হল যুবকের। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাবুপাড়া এলাকার বাসিন্দা ভগবান ওঝা ওরফে বিনয় (৩৮)-এর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভ...
সাউন্ড বক্স ভাড়া নিয়ে বচসা জের! ব্যাপক মারধরে মৃত্যু হল যুবকের। আসানসোলের কুলটি থানার অন্তর্গত বাবুপাড়া এলাকার বাসিন্দা ভগবান ওঝা ওরফে বিনয় (৩৮)-এর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
অভিযোগ, হোলির দিন সাউন্ড বক্স ভাড়া দেওয়া নিয়ে বচসা শুরু হয়। তারপর হাতাহাতিতে পৌঁছয়। বেধড়ক মারধর করা হয় এক যুবককে। পর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, ভগবান ওঝা সাউন্ড বক্স ভাড়া দেওয়ার কাজ করতেন। হোলির দিন বহাল এলাকার কয়েকজন যুবক তাঁর কাছে সাউন্ড বক্স ভাড়া নিতে আসে। কিন্তু সেদিন তাঁর কাছে কোনও সাউন্ড বক্স না থাকায় ভাড়া দিতে পারেননি। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসা শুরু হয় এবং পরে ওই যুবকেরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় প্রথমে আসানসোলের একটি হাসপাতালে ভর্তি করা হয় আহত যুবককে। কিন্তু শেষরক্ষা হয়নি। আজ, সোমবার আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের পর অ্যাম্বুলেন্সে করে দেহ নিয়ে কুলটি থানার সামনে বিক্ষোভ দেখান পরিবার, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ থানার সামনে রেখে কিছু সময় রাস্তা অবরোধ করা হয়। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে তারা সরব হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিস পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।