বাড়ি কোথায়?"এখানেই থাকি"।না, না, আদিবাড়ি কোথায়?"ওই বটগাছটা দেখলেই বুঝে যাবেন কোথা থেকে এসেছি"। ওই বটগাছের 'নেপথ্যে' কী রয়েছে ? ইঙ্গিতে হাকিম মোল্লা (নাম পরিবর্তিত) যা বোঝানোর তা বুঝিয়ে দি...
বাড়ি কোথায়?
"এখানেই থাকি"।
না, না, আদিবাড়ি কোথায়?
"ওই বটগাছটা দেখলেই বুঝে যাবেন কোথা থেকে এসেছি"।
ওই বটগাছের 'নেপথ্যে' কী রয়েছে ? ইঙ্গিতে হাকিম মোল্লা (নাম পরিবর্তিত) যা বোঝানোর তা বুঝিয়ে দিলেন। এবং তারপর বুঝতে অসুবিধে হল না, ওই বটগাছের 'নেপথ্যে' রয়েছে দুই বাংলার রহস্যময় পারাপারের 'পথ'।
নিউটাউন, সন্দেশখালির পর এবার বাদুড়িয়া। সেখানে ত্রিপল আর কাগজ দিয়ে মোড়া 'ঘর'। আর সেই 'ঘরে'ই শ-খানেক 'বাংলাদেশি'র বাস। শুধু বিরোধী দলই নয়, শাসকদলের প্রতিনিধিও কার্যত 'বাংলাদেশি কলোনি'র অস্তিত্ব স্বীকার করে নিলেন। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সহ-সম্পাদক বুলবুল রহমান বললেন, "অত বছর আগে যদি কেউ এসে থাকে এখানে তাহলে তার দায় বিএসএফ-কে নিতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিতে হবে। আর ভোটার তালিকায় তাদের নাম থাকলে সেই দায় নির্বাচন কমিশনের"।
বাংলায় এসআইআর নিয়ে উত্তপ্ত রাজনীতির মাঝে শীতের সকালে সিএন-এর প্রতিনিধি বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের চণ্ডীপুর গ্রামে গিয়ে হাজির হলেন। এলাকায় গিয়ে দেখলেন বেশ কিছু ঝুপড়ি ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সেখানে। ত্রিপল আর কাগজ তৈরি দিয়ে তৈরি সেই ঝুপড়িতেই শীতের রাত কাটছে ছেঁড়া সোয়েটার পরা ছোট-ছোট ছেলেমেয়েদের। বড়রা সব ঘুরে বেড়াচ্ছে ইতিউতি। ওই ঝুপড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁরা বাংলাদেশ থেকে এখানে এসেছেন ঠিকই। তবে তা বহুবছর আগে।
সিএন-এর প্রতিনিধির সামনে দাঁড়িয়ে হাকিম মোল্লা (নাম পরিবর্তিত) দাবি করলেন, দেখুন, "২০০২-এর ভোটার তালিকায় আমাদের নাম আছে কিন্তু। আমরা আজকের বাসিন্দা নই"। তারপর কিঞ্চিৎ কথা চালাচালির পর, হাতের ইশারায় অদূরবর্তী কোনও এক প্রান্তকে দেখিয়ে বললেন, "ওই বটগাছটা দেখলেই বুঝে যাবেন কোথা থেকে এসেছি"।
'বটগাছ' কি তাহলে বেআইনি অনুপ্রবেশের ইঙ্গিতবহ এক প্রতীক?
স্থানীয় বাসিন্দা সালাম মণ্ডল সংবাদমাধ্যমের সামনে দাবি করলেন, "বাংলাদেশিরা এখানে সবরকম সুযোগ-সুবিধা পায়। 'লক্ষ্মীর ভান্ডার' থেকে শুরু করে 'রেশন', 'স্বাস্থ্যসাথী' সবই। সিপিআই(এম)-এর পঞ্চায়েত সদস্য তারকচন্দ্র সরকারের সংযোজন, "বহিরাগতদের যাতায়াত সম্প্রতি বেড়েছে। সবাই বাংলাদেশ থেকে অবৈধভাবে এখানে এসেছে। এমনকি, যাদের কাছে ভোটার বা রেশন কার্ড নেই, তাদের নামও রয়েছে তালিকায়"। বিজেপি নেতা পলাশ সরকারের প্রশ্ন, "এবার বুঝেছেন তো, তৃণমূল কেন এসআইআর আটকাতে চাইছিল"?
প্রশ্ন, ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযান কি এই অনুপ্রবেশকারীদের পথ রুদ্ধ করতে পারবে? নাকি, "ওই বটগাছটা দেখলেই" বোঝা যাবে কে কোথা থেকে এসেছে?