ভোট পরবর্তী হিংসায় জেলায় জেলায় উত্তেজনা অব্যাহত। বুধবার রাতে পর পর বোমাবাজির ঘটনায় কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির ২ নম্বর ওয়ার্ড। অভিযোগ, বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে দ...
ভোট পরবর্তী হিংসায় জেলায় জেলায় উত্তেজনা অব্যাহত। বুধবার রাতে পর পর বোমাবাজির ঘটনায় কেঁপে উঠল উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটির ২ নম্বর ওয়ার্ড। অভিযোগ, বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে পর পর তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৫ জন স্থানীয় ব্যক্তি। যাদের মধ্যে কয়েকজনের অবস্থায় অত্যন্ত সংকটজনক। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় খরদহ থানার পুলিস ও কেন্দ্রীয় বাহিনী।
গত ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই একাধিক দুষ্কৃতীমূলক ঘটনা ঘটে চলেছে রাজ্যের সর্বত্র। রীতিমত পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। এমতাবস্থায় বুধবার রাতে ঘটে যাওয়া একের পর এক ঘটনা আতঙ্কে ঘি ঢালছে। জানা যাচ্ছে, গতকাল রাতে পানিহাটির দু'নম্বর ওয়ার্ডের অন্তর্গত দত্ত রোডে রীতিমত তাণ্ডব চালায় চার দুষ্কৃতী। বিজেপি কর্মীদের লক্ষ্য করে ছোড়া হয় তিনটি বোমা। যার জেরে গুরুতর আহত হন ৫ জন। একজনের পা কার্যত ঝলসে গিয়েছে বলেও খবর। বর্তমানে আহতদের আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে।
বুধবার রাতের এই ঘটনার পরেই তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিসে। ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিস। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এলাককার স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন তারা। খতিয়ে দেখা হয় এলাকার সিসিটিভি ফুটেজ। তবে কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পাশাপাশি ঘটনার সঙ্গে শত্রুতা, নাকি রাজনৈতিক প্রতিহিংসা জড়িয়ে তা নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস।