মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে চাঞ্চল্য রাজ্যজুড়ে। এবার এই ঘটনায় নিন্দা জানিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে শুভেন্দুর আপ্তসহায়কের হত্যার পাশাপাশি ভো...
মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে চাঞ্চল্য রাজ্যজুড়ে। এবার এই ঘটনায় নিন্দা জানিয়ে সরব হল তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে শুভেন্দুর আপ্তসহায়কের হত্যার পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় তিনজন তৃণমূল কর্মীর খুনের ঘটনারও নিন্দা করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে প্রাক্তন শাসকদল।
তৃণমূলের তরফে ওই পোস্টে বলে হয়েছে, 'চন্দ্রনাথ রথের নৃশংস হত্যার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে বিজেপির দুষ্কৃতীদের হাতে ভোট-পরবর্তী হিংসায় তিন জন তৃণমূলকর্মীর মৃত্যুরও প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ বিষয়ে আমরা কঠোরতম পদক্ষেপ দেখতে চাই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি, যাতে যাঁরা এই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা যায়। গণতন্ত্রে হিংসা এবং রাজনৈতিক খুনোখুনির কোনও জায়গা নেই।'
বুধবার রাত ১০টা নাগাদ মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় হামলা হয় চন্দ্রনাথের উপরে। তাঁকে লক্ষ্য করে পর পর গুলি চালান হয় বলে অভিযোগ। পুলিস সূত্রে খবর, চারদিক থেকে গাড়ি নিয়ে ঘিরে ফেলা হয়েছিল চন্দ্রনাথকে। এরপর কিছু বুঝে ওঠার আগেই গাড়ির কাচে বন্দুক ঠেকিয়ে পর পর গুলি ছোড়ে আততায়ীরা। মোট পাঁচ রাউন্ড গুলি লাগে চন্দ্রনাথের। আহত হয় গাড়ির চালকও। দুজনকেই রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুভেন্দুর আপ্তসহায়ককে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। গতকাল রাতে খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান শুভেন্দু। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার, শমীক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, রুদ্রনীল ঘোষেরাও।
সূত্রের খবর, রাত ১টার পর ঘটনাস্থলে যান রাজ্য পুলিসের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানিয়েছেন,আততায়ীদের ব্যবহৃত একটি চার চাকার গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে শিলিগুড়ির নম্বরপ্লেট ব্যবহার করা হয়েছে। যা প্রথমিকভাবে ভুয়ো বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, কিছু গুলি এবং ব্যবহৃত কার্তুজ পাওয়া গিয়েছে।