গলায় ফাঁসের দড়ি টিনের চালায় বাঁধা, কিন্তু পা মাটিতেই। চাষ জমির পাশ থেকে রহস্যজনক ভাবে উদ্ধার নিখোঁজ দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পরিবারের। তদন্তে নেমেছে পুলিস। ঘটনাকে কেন্দ...
গলায় ফাঁসের দড়ি টিনের চালায় বাঁধা, কিন্তু পা মাটিতেই। চাষ জমির পাশ থেকে রহস্যজনক ভাবে উদ্ধার নিখোঁজ দ্বাদশ শ্রেণীর ছাত্রের দেহ। অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ পরিবারের। তদন্তে নেমেছে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার জেমুয়া এলাকায়। মৃত কিশোরের নাম শেখ রশিদুল (১৭) জেমুয়া এলাকার বাসিন্দা।
শুক্রবার দেহ উদ্ধার হয় জেমুয়া এলাকার চাষ জমির পাশে একটি মাচা থেকে। পুলিস দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পরে সেখান থেকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, রশিদ খুব ভালো ছেলে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাথরুমে যাচ্ছি বলে বের হয়। তারপর থেকে তার আর খোঁজ মেলেনি।
শুক্রবার সকালে স্থানীয়দের কাছ থেকে রশিদের মৃত্যুর খবর পায়। দাদা শেখ রিয়াজুলের অভিযোগ, 'বুধবার পানাগড়ের দিকে একটি মেয়ের সঙ্গে যাচ্ছিল। তখন পুলিস আটকেছিল। পড়ে ছেড়েও দেয়। সেদিন রাতে বন্ধুর বাড়িতে রাত কাটিয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় বাথরুম যাচ্ছি বলে বের হয়... তারপর থেকে খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার সকালে ভাইয়ের দেহ উদ্ধার হয়। গলায় দড়ি বাঁধা রয়েছে কিন্তু পা মাটিতে রয়েছে। দেখেই মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যু হয়। আমরা পুলিসকে জানিয়েছি। সঠিক তদন্ত চাইছি।' পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই পরিষ্কার হবে মৃত্যুর কারণ।