২৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি। SIR-এর সৌজন্যে মুখে হাসি ফুটল হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর। জানা গিয়েছে, ১৯৯৯ সালে হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত...
২৬ বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন বৃদ্ধ দম্পতি। SIR-এর সৌজন্যে মুখে হাসি ফুটল হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর।
জানা গিয়েছে, ১৯৯৯ সালে হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত ও তাঁর স্ত্রী সান্ত্বনা দত্তর ছেলে তরুণ দত্ত ব্যবসায়িক ক্ষতির কারণে বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর কোনও খোঁজ মেলেনি তাঁর। SIR-এর পর্ব শুরু হতেই প্রশান্তবাবু তাঁর নিজের এবং স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমা দেন।
এরপরই ভোটার কার্ড ম্যাপিং করতে গিয়ে হাবড়া ২৫৯ পার্টের বিএলও দেখেন, প্রশান্তবাবুর ছেলের নাম পশ্চিম মেদিনীপুরের পিংলা থানায় রয়েছে। খোঁজখবর নিয়ে জানা যায়, তিনি ওই এলাকার ভোটার। এরপরই পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ হয় তাঁর। ২৬ বছর পর সন্তানের খোঁজ মেলায় ভীষণ খুশি বৃদ্ধ দম্পতি।
বৃদ্ধ দম্পতি জানান, সবই সম্ভব হয়েছে এই এসআইআরের কারণে। তাই শেষ বয়সে এসে ছেলেকে ফিরে পেলাম। এখন মরে গেলেও আর আক্ষেপ থাকবে না। সেই সময় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। অনেক খোঁজখবরও করেছিলেন। কিন্তু ছেলের হদিশ পাননি। এতগুলো বছর পেরিয়ে যাওয়ায় পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দিত বৃদ্ধ দম্পতি।