পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তখন কালোপতাকা হাতে নিয়ে গো-ব্যাক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। রাজ্...
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকালে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে তখন কালোপতাকা হাতে নিয়ে গো-ব্যাক স্লোগান তোলেন বিক্ষোভকারীরা। রাজ্যে দুদিনের ম্যারাথন বৈঠকে এসে কেন বিক্ষোভের মুখে পড়তে হল মুখ্য নির্বাচন কমিশনারকে, তা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এমতাবস্থায় বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করলেন, "ওই বিক্ষোভকারীরা আদতে তৃণমূলের লোক। ওঁদের ওখানে আনা হয়েছিল। কেউ কেউ আবার দুধেল গাই। তবে কমিশনকে ভয় দেখিয়ে কোনও লাভ নেই। এসআইআর আগেও হয়েছে। এখন হচ্ছে। পরেও হবে"।
পর্যবেক্ষকদের কেউ কেউ বলছেন, অত সকালে জ্ঞানেশ কুমার কালীঘাটে আসার আগেই কী করে হাসনাবাদ, বসিরহাট থেকে দলে-দলে লোকজন এসে বিক্ষোভ দেখাতে শুরু করলেন? বিরোধী দল বিজেপির দাবি, ওই বিক্ষোভ পূর্ব পরিকল্পিত। সম্ভবত আগের দিন রাতেই ওঁরা কলকাতায় আসেন বলে মনে করা হচ্ছে।
এদিন কোলে বাচ্চা নিয়ে এক মহিলাকে দেখা যায় বিক্ষোভরত অবস্থায় দেখা যায়। কোথা থেকে এসেছেন? সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মহিলা বলেন, "বসিরহাট থেকে এসেছি"। সংখ্যালঘু সম্প্রদায়ের এক প্রৌঢ়কে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে জানান, তিনি হাসনাবাদ থেকে এসেছেন। কেউ আবার প্রশ্নের উত্তরে ব্যারাকপুর বলেই সঙ্গে-সঙ্গে দুটো স্টেশন পিছিয়ে যান, "খড়দা থেকে আসছি"।
বিক্ষোভ-বিতর্কে বামেদের বক্তব্য, রবিবার রাতে জ্ঞানেশ কুমার বিমানবন্দর থেকে কনভয় নিয়ে বেরনোর পথে তাঁকে ঘিরে স্লোগান দেন দলের ছাত্র-যুবরা। পুলিস তৎপরতার সঙ্গে তাদের আটক করে। যদিও, কালীঘাটের ক্ষেত্রে পুলিসের সেই তৎপরতা দেখা যায়নি বলে দাবি করা হচ্ছে। এই প্রসঙ্গে সুকান্ত মজুদাররের মন্তব্য, "ওঁদের তো তৃণমূল ডেকে আনা হয়েছে। পুলিস তাই দুধেল গাইদের বিক্ষোভ করতে দিয়েছে"।