বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার অপরাধ! দিনে দুপুরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোট দুই রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। তবে ভাগ্য জোরে রক্ষা পেয়েছে...
বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেওয়ার অপরাধ! দিনে দুপুরে বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে। মোট দুই রাউন্ড গুলি করা হয় বলে অভিযোগ। তবে ভাগ্য জোরে রক্ষা পেয়েছেন অমিত শাউ নামে ওই বিজেপি কর্মী। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দুষ্কৃতী হামলার নেপথ্যে তৃণমূলের যোগ আছে বলে অভিযোগ পরিবারের।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। পরিবারের অভিযোগ, এদিন দুপুরে আচমকাই একদল দুষ্কৃতী বাহিনী চড়াও হয় তাঁদের বাড়িতে। প্রথম থেকেই শুরু হয় হুমকি ও টানা-হেঁচড়া। বিজেপি কর্মীকে বাড়ি থেকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ। সেই মুহূর্তে দুষ্কৃতীদের ধাক্কা দিয়ে অমিত ঘরে চলে গেলে শুরু হয় ভাঙচুর ও গুলি।
পর পর দুটি গুলি চালান হয় বলে অভিযোগ পরিবারের। এমনকি ভেঙে দেওয়া হয় জানলার কাচ। ঘটনায় আতঙ্কিত অমিত বলেন, 'আমাকে জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু আমি বাধা দিয়ে ঘরে পালিয়ে আসায় গুলি ছোড়ে ওরা। তবে আমার কোন ক্ষয়ক্ষতি হয়নি। পরে ভাই বেরোলে তাঁকে লক্ষ্য করেও গুলি করে।' রবিবার বিজেপির পরিবর্তন সভায় অংশ নেওয়ার কারণেই এই হামলা হয়েছে বলে মনে করছেন ওই বিজেপি কর্মী ও তাঁর পরিবার। পাশাপাশি ঘটনার সঙ্গে এলাকার শাসক দলের হাত রয়েছে বলেও দাবি তুলেছেন তিনি। ফলে গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই চরম আতঙ্কের মধ্যে রয়েছে অমিত শাউ-এর পরিবার। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
অন্যদিকে ঘটনার সঙ্গে তৃণমূলের যোগ নেই বলে দাবি করেছেন ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস রায়। তাঁর কথায় এলাকার তৃণমূল কর্মীরা এমন কাজ করতে পারেন না। পাশাপাশি ব্যক্তিগত আক্রোশ থেকেই এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তিনি।