আলিপুরদুয়ারে অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা। গাড়িটির বিভিন্ন অংশে টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিস। তারপর তল্লাশি চাল...
আলিপুরদুয়ারে অসমের নম্বর প্লেট লাগানো গাড়ি থেকে উদ্ধার বিপুল অঙ্কের টাকা। গাড়িটির বিভিন্ন অংশে টাকা লুকিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিস। তারপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় গোছা গোছা টাকা। ঘটনায় সাময়িকভাবে উত্তেজনা ছড়ায় এলাকায়।
জানা যাচ্ছে, আজ দুপুরে আলিপুরদুয়ার থানার পুলিসের কাছে খবর যায়, শহরের চৌপতি সংলগ্ন এলাকায় একটি হোটেলে এক দম্পতি রয়েছেন। যাঁদের কাছে বিপুল অঙ্কের নগদ রয়েছে। পরে সেই খবর পাওয়া মাত্রই তৎপর হয় পুলিস। খবরের সত্যতা যাচাই করতে মাঝ পথে গাড়ি সমেত অসমের ওই দম্পতিকে আটক করে পুলিসের দুর্নীতিদমন শাখার আধিকারিকেরা। এরপরেই তল্লাশি চালিয়ে গাড়ি থেকে লক্ষাধিক টাকা উদ্ধার করা হয় বলে দাবি পুলিস সূত্রে।
অন্যদিকে গাড়ির মালিক দাবি করেছেন, তিনি অসমের ব্যবসায়ী। আলিপুরদুয়ারে ব্যক্তিগত কাজের জন্য স্ত্রীকে নিয়ে এসেছিলেন তিনি। পাশাপাশি ওই নগদ তাঁদের নিজস্ব বলেও দাবি করেছেন দম্পতি। কিন্তু নির্বাচনের আবহে এত নগদ উদ্ধারের ঘটনা গুরুত্ব দিয়ে দেখছেন তদন্তকারীরা। ফলে টাকার সঠিক উৎস জানতে জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন তদন্তকারীরা।