ধমক। এবং পাল্টা ধমক। একদিকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশে মুখ্য নির্বাচন কমিশনারের ধমক। এবং তার পাল্টা 'ভ্যানিশ কুমার'কে ধমক মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, কলকাতায় দুদিনের ম্যারাথন বৈঠকের প্রথম দিনেই ...
ধমক। এবং পাল্টা ধমক। একদিকে রাজ্যের আধিকারিকদের উদ্দেশে মুখ্য নির্বাচন কমিশনারের ধমক। এবং তার পাল্টা 'ভ্যানিশ কুমার'কে ধমক মুখ্যমন্ত্রীর।
সূত্রের খবর, কলকাতায় দুদিনের ম্যারাথন বৈঠকের প্রথম দিনেই রাজ্যের আমলা ও পুলিস কর্তাদের কড়া ধমক দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং শোনা গিয়েছে, আইনশৃঙ্খলার প্রশ্নে রীতিমতো ক্ষুব্ধ কমিশনার আইপিএস বিনীত গোয়েল ভর্ৎসনা করে বলেছেন, "সব জানি, বসুন"।
শুধু তা-ই নয়। সূত্রের খবর, বেশ কয়েকজন জেলা নির্বাচনী আধিরাকিক (জেলাশাসক)কে-ও ধমক দিয়ে জ্ঞানেশ কুমার বলেন, "প্রত্যেকের কাজের ডিজিটাল ফুটপ্রিন্ট আছে। জেলাশাসক হোন বা পুলিশ কমিশনার, গাফিলতি দেখলে কারুকে রেয়াত নয়"। প্রসঙ্গত, রাজ্যের একাধিক জেলা থেকে নিত্যদিন বোমা-বারুদ উদ্ধারের খবর আসছে। খাস কলকাতার পাইকপাড়ায় বোমা বিস্ফোরণের খবরে স্তম্ভিত হয়েছে নাগরিক সমাজের একটা বড় অংশ। এমতাবস্থায়, সূত্রের খবর, রাজ্যের পুলিস কর্তাদের স্পষ্ট বার্তা দিয়ে জ্ঞানেশ কুমার এদিন বলেছেন, "হয় বোমা থাকবে, না হলে আপনারা থাকবেন"।
তাঁর রাজ্যের আমলা-পুলিসরা ধমক খাচ্ছেন শুনে ধর্মতলার মঞ্চ থেকে নাম না-করে জ্ঞানেশ কুমারকে একহাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, "ভ্যানিশ কুমার, আজকে আমি শুনলাম, অফিসারদের থ্রেট করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে শুধু এখনই অ্যাকশন নেওয়া হবে তা নয়, মে-মাসের পরেও নাকি উনি অ্যাকশন নেবেন। সাহস থাকা ভালো, কিন্ত দুঃসাহস থাকা ভালো নয়। মে মাসের পর আপনি থাকবেন তো আপনার চেয়ারে? তারপর বাংলার অফিসারদের থ্রেট করবেন"।