রণংদেহি মেজাজে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ!
মুর্শিদাবাদের ভরতপুর বিধানসভা কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে শাসকদলের হয়ে দালালি করার অভিযোগ উঠল। অভিযোগ করলেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অনামিকা ঘোষ। তারপর? একা কুম্ভ হয়ে গড় সামলালেন তিনি। তর্জনি উঁচিয়ে প্রিসাইডিং অফিসারকে বললেন, "তৃণমূলের দালালি করছেন? দালালি করা ছুটিয়ে দেবো। ভোট দিতে এসে এজেন্ট হয়ে বসে গেল কী করে?"
ভোটার থেকে এজেন্ট?
সদ্য গোঁফের রেখা গজিয়েছে, খুব সম্ভবত, গাল টিপলে দুধও বেরোবে, সদ্য যৌবনে পা-রাখা এমনই এক যুবক ভোট দিতে এসে এজেন্ট হয়ে বসে পড়লেন বুথের ভেতর!
'দালালি ছুটিয়ে দেবো'
নিপাট ভালো মানুষ বলতে যা বোঝায়, বলা ভালো, যা দেখায়, প্রিসাইডিং অফিসার মিহিরকুমার মণ্ডল ঠিক তা-ই। মানে টিপিক্যাল মধ্যবিত্ত বাঙালি, সাথে নেই পাঁচেও নেই, অথচ সবকিছুতেই আছেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বললেন, "আমি আমার কাজ করছিলাম তখন, ঠিক দেখতে পাইনি। তবে দেখা মাত্রই বার করে দিয়েছি"। চোখেমুখে অপার বিস্ময় নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেন, আপনি কখন বার করলেন, প্রার্থী এসে বার করলেন তো? মুহূর্তের মধ্যে বুথে উপস্থিত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন তিনি, "আপনাকে বলেছি না, কার্ড দেখে ঢুকতে দেবেন"। একেবারে ঠান্ডা মাথায় ওই জওয়ান উত্তর দিলেন, "আমি আপনাকে বলেছি, আপনি বলার পরই ঢুকতে দিয়েছি"।
ভোট দিতে এসে এজেন্ট হয়ে বসে পড়লেন যে-যুবক, তাঁকে পাকড়াও করে প্রার্থী বললেন, "পুলিসের হাতে তুলে দেবো"? সন্তসুলভ নিষ্পাপ মুখ নিয়ে ওই যুবকের উত্তর, "আমি কিছু জানি না, আমি ভোট দিতে এলাম, আমাকে বলল, তুই বসে যা আর টিক মেরে যা, আমি তাই টিক মারতে বলে গেলাম"। কে বলল? উত্তর, "তন্ময় রায়"। কে তন্ময় রায়? উত্তর, "আমাদের পাড়ায় থাকেন"। কোন দল করেন তিনি? "সে তো জানি না।" কিছু না-জেনেই বসে গেলেন? এবার উত্তর, " আরে, ওটাই তো আমার ভুল"। ভাবখানা এমন, ভোলাভালা এক যুবক ভুল করে ফেলেছেন, এটুকু বোঝার মতো বিদ্যেবুদ্ধি নেই সাংবাদিকদের!
'আপনি আসবেন না আমি যাবো'?
মুর্শিদাবাদ জেলার ভরতপুরের মতো বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অনামিকা ঘোষকে রণংদেহি মেজাজে দেখা গেল। নিজের এজেন্টকে ফোন করে বললেন, "কী ব্যাপার, আপনি এখনও বাড়িতে বসে। কী বলছেন, না-না চলে আসুন। আপনি আসবেন না আমি যাবো"?