হুগলির গোঘাটে দুষ্কৃতী হামলায় আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। নেপথ্যে বিজেপির দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি খোদ তৃণমূল সাংসদের। অন্যদিকে দ্বি...
হুগলির গোঘাটে দুষ্কৃতী হামলায় আক্রান্ত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তাঁর গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। নেপথ্যে বিজেপির দুষ্কৃতীরা রয়েছে বলে দাবি খোদ তৃণমূল সাংসদের। অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনের আগে এই ঘটনায় রিপোর্ট তলব করেছে কমিশন। কী থেকে অশান্তির সূত্রপাত তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
জানা যাচ্ছে, সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় যোগ দিতে বাড়ি থেকে রওনা হয়েছিলেন মিতালি বাগ। কিন্তু পথে তাঁর গাড়িতে আচমকা হামলা চালান হয় বলে অভিযোগ ওঠে। এরপর সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে গোটা হামলার কথা বর্ণনা করেন তৃণমূল সাংসদ। তাঁর দাবি অনুযায়ী, গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালিয়েছে। ভিডিয়োয় মিতালি কাঁদতে কাঁদতে বলেন, 'দেখুন কী ভাবে বিজেপির দুষ্কৃতীরা গাড়ি ভাঙচুর করেছেন। এখনও ভোট শুরু হয়নি। দেখুন একজন মহিলার কী ভাবে কণ্ঠরোধ করা হচ্ছে।'
এখানেই শেষ না, আজকের এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় মিতালিকে। বলেন, 'নির্বাচন কমিশন, তুমি আরামবাগে এসে বলে গিয়েছ তৃণমূলের সমস্ত নেতা-কর্মীকে ধরে ধরে গ্রেফতার করতে হবে। নির্বাচন কমিশন, এর দায় তোমাকে নিতে হবে।'
অন্যদিকে কমিশনের তলব করা রিপোর্টে হুগলি জেলা নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে একটা প্রাথমিক রিপোর্ট পাঠান হয়েছে। সেখানে মিতালির গাড়ি ভাঙচুরের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি অন্তর্দ্বন্দ্বের ফল হতে পারে বলেও প্রাথমিকভাবে বলা হয়েছে রিপোর্টে। পুলিস সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অন্যদিকে গোটা ঘটনার কোনও প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি বলেও জানান হয়েছে।