রাজ্যে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে একধিক বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে জেলায় জেলায়। এই অবস্থায় আগ্নেয়াস্ত্র-সহ চার 'কুখ্যাত' দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছ...
রাজ্যে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে একধিক বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে জেলায় জেলায়। এই অবস্থায় আগ্নেয়াস্ত্র-সহ চার 'কুখ্যাত' দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিস। ধৃতদের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ ছিল থানায়। এমনকি খুনের অভিযোগ ছিল বলেও দাবি সূত্রের।
জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায় শ্রীরামপুর থানার পুলিস। এরপর মানিকতলা এলাকা থেকে কুখ্যাত দুষ্কৃতী রঞ্জিত সিং ওরফে কেলো-সহ চারজনকে গ্রেফতার করেন তারা। সঙ্গে বাজেয়াপ্ত করা হয় দুটি আগ্নেয়াস্ত্র ও একটি লোহার ধারালো অস্ত্র। পুলিস সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই কুখ্যাত অপরাধী। এর আগেও বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু ঠিক কী কারণে তারা অস্ত্র মজুত করেছিল তা এখনও জানা যাচ্ছে না। ইতিমধ্যেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিস।
এই বিষয়ে ডিসিপি শ্রীরামপুর অর্নব বিশ্বাস জানান, 'দুটো ঘটনার তদন্তে মঙ্গলবার আমরা অভিযান চালিয়েছিলাম। সেখান থেকেই এই চারজন অপরাধীদের গ্রেফতার করা হয়েছে। তাঁদের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। ভোট পরবর্তী সময়ে ধৃতরা এলাকার শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছিল কিনা, তা খতিয়ে দেখছি আমরা।'