ফের নির্বাচনী আবহে ভাটপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। পাশাপাশি দুই দুষ্কৃতিকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও নানান অপরাধমূলক কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। ...
ফের নির্বাচনী আবহে ভাটপাড়া থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিস। পাশাপাশি দুই দুষ্কৃতিকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও নানান অপরাধমূলক কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ ছিল বলে জানা গিয়েছে। ধৃতদের জেল হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করবে পুলিস। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ এলাকায়।
জানা যাচ্ছে, বুধবার ভোররাতে ভাটপাড়া থানা এলাকার জিলেপির মাঠ থেকে ওই দু'জনকে গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে তল্লাশি চালায় তদন্তকারীরা। তারপরেই ধৃতদের থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং ৩ রাউন্ড কার্তুজ। অভিযুক্ত দুই যুবকের নাম অজয় বিশ্বর্কমা এবং ফিরোজ আলম। এদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। পুলিস সূত্রে খবর, গত ডিসেম্বর মাস থেকে ২রা এপ্রিল পর্যন্ত এই এলাকাটি থেকে মোট ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ৫১ টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে মোট ২৭ জনকে।
প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচন হিংসামুক্ত করতে তৎপর কমিশন ও প্রশাসন। সেই সূত্র ধরেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে নাকা তল্লাশি। পাশাপাশি চলছে পুলিসের গোপন অভিযানও। ভোট আবহে কোনও অপ্রতিকর ঘটনা যেন না ঘটে, তা রুখতে আগে থেকেই সবরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে উদ্ধার হওয়া এই বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, তা নিয়ে জল্পনা রয়েছে। রাজ্যের বাইরে থেকে এগুলো পাচার হচ্ছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।