উত্তর দমদমের শিক্ষাক্ষেত্রে যুক্ত হল এক নতুন পর্ব। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সোমবার বিরাটির ঐতিহ্যবাহী মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। একই দিনে মূল ক্যাম্পা...
উত্তর দমদমের শিক্ষাক্ষেত্রে যুক্ত হল এক নতুন পর্ব। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সোমবার বিরাটির ঐতিহ্যবাহী মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের দ্বিতীয় ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন হল। একই দিনে মূল ক্যাম্পাসে আধুনিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা, নতুন অফিস কক্ষের উদ্বোধন এবং অফিস রুমের নবীকরণেরও সূচনা হয়। ফলে নিরাপত্তা ও পরিকাঠামোগত উন্নয়নের দিক থেকে কলেজটি এক নতুন ধাপে পা রাখল বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই কলেজ বহু দশক ধরে উত্তর দমদম ও সংলগ্ন এলাকার উচ্চশিক্ষার অন্যতম ভরসাস্থল। বর্তমানে প্রতিষ্ঠানটি West Bengal State University-এর অধিভুক্ত। দীর্ঘদিনের পরিকল্পনা, প্রশাসনিক উদ্যোগ এবং স্থানীয় সহযোগিতার ফলেই দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তব রূপ পেল বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
গতকাল দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচাৰ্য। তবে এদিন তিনি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন। কলেজ সূত্রে জানা গিয়েছে, নতুন ক্যাম্পাস প্রতিষ্ঠা তাঁর দীর্ঘদিনের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাঁর উদ্যোগেই ২০২৫ সালের এপ্রিল মাসে বিধায়ক তহবিল থেকে ১১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই অর্থেই মূল কলেজ ভবনে আধুনিক সিসিটিভি নজরদারি ব্যবস্থা চালু করা, নতুন অফিস কক্ষ নির্মাণ ও সংস্কারের কাজ সম্পন্ন হয়।
জানা যাচ্ছে, নতুন ক্যাম্পাসের জন্য ১১৮ কাঠা জমি প্রতীকী মূল্যে মাত্র ১ টাকার বিনিময়ে ৯৯ বছরের লিজে প্রদান করা হয়। সেই জমির উপর আধুনিক পরিকাঠামো সমৃদ্ধ ক্যাম্পাস নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক ১৬ কোটি ৮১ লক্ষ ৯৭ হাজার ৯২০ টাকা। উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই বিনিয়োগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন শিক্ষাবিদরা।
সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ দীপক বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর দমদম পৌরসভার পৌরপ্রধান বিধান বিশ্বাস, নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি, পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুদীপ মুখার্জি এবং নিমতা থানার আইসি কৌশিক সরকার-সহ বহু বিশিষ্ট ব্যক্তি।
বর্তমানে এই নতুন ক্যাম্পাস চালু হওয়ার ফলে বিরাটি, নিমতা, উত্তর দমদম এবং পার্শ্ববর্তী এলাকার বহু শিক্ষার্থী আধুনিক শিক্ষা পরিকাঠামোর সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষের মতে, ভবিষ্যতে এই ক্যাম্পাসে ধাপে ধাপে আধুনিক ও কর্মমুখী বিভিন্ন পাঠ্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। শিক্ষামহলের মতে, প্রশাসন, সরকার এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে যখন নতুন শিক্ষাপ্রকল্প বাস্তবায়িত হয়, তখন তা কেবল একটি প্রতিষ্ঠানের বিকাশেই সীমাবদ্ধ থাকে না, সমগ্র অঞ্চলের শিক্ষাব্যবস্থাকেই আরও মজবুত ভিত্তির উপর দাঁড় করায়। আর বিরাটিতে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন সেই বৃহত্তর লক্ষ্য পূরণেরই এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার।