ফের SIR প্রক্রিয়ায় মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি থানার গ্যারাপোতা এলা...
ফের SIR প্রক্রিয়ায় মর্মান্তিক মৃত্যুর অভিযোগ। ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক প্রৌঢ়ের। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার হাঁসখালি থানার গ্যারাপোতা এলাকায়। অপরিকল্পিত SIR প্রক্রিয়ার জন্যেই এই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে এলাকার শাসক শিবির।
জানা গিয়েছে, মৃতের নাম জীবন কৃষ্ণ বিশ্বাস। বয়স আনুমানিক ৬৫। পরিবার সূত্রে খবর, SIR প্রক্রিয়ায় জীবন কৃষ্ণ ও তাঁর মেয়ের নাম বাদ পড়েছিল। যা নিয়ে প্রথম থেকেই দুশ্চিন্তায় ছিলেন তিনি। এমতাবস্থায় বৃহস্পতিবার মেয়েকে সঙ্গে নিয়ে রানাঘাট মহকুমা শাসকের দফতরে কাগজপত্র জমা দিতে যান ওই প্রৌঢ়। কিন্তু সেখানেই ট্রাইব্যুনালের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা জীবন কৃষ্ণকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনায় মৃতের পরিবারের দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তিনি গভীর দুশ্চিন্তা ও মানসিক চাপে ছিলেন। আর সেই দুশ্চিন্তা থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটে গেল বলে অভিযোগ তুলেছেন মৃতের মেয়ে।
অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক আকচাআকচি। এলাকার বিজেপি বিধায়ক পার্থ সারথি চ্যাটার্জির অভিযোগ, তৃণমূলের অব্যবস্থার জন্যেই এই মৃত্যু হয়েছে। মহকুমা শাসকের দফতরে অতিরিক্ত ভিড় এবং একটি কাউন্টারে কাজ হওয়ার কারণেই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। যদিও সেই অভিযোগ মানতে নারাজ শাসক শিবির। তাদের পাল্টা অভিযোগ, অপরিকল্পিত SIR-এর কারণেই এই মৃত্যু ঘটেছে। লক্ষ লক্ষ মানুষকে লাইনে দাঁড় করিয়ে কমিশন হেনস্থা করছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল।