ফের বোলপুর থানার অন্তর্গত এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। তিনমাস ধরে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্রীর পরিবার। লাগাতার যৌন অত্যাচারের ফলে ...
ফের বোলপুর থানার অন্তর্গত এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এলাকারই এক যুবকের বিরুদ্ধে। তিনমাস ধরে তাকে শারীরিক অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ তুলেছে ছাত্রীর পরিবার। লাগাতার যৌন অত্যাচারের ফলে ওই ছাত্রী গর্ভবতী হয়ে পড়েছে বলেও খবর সূত্রের।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে কেউ না থাকার সুযোগকে কাজে লাগিয়ে পাশের গ্রামের যুবক রজত সরকার ওই নাবালিকার ওপর দীর্ঘদিন যাবৎ অত্যাচার চালিয়ে গিয়েছে। নাবালিকাকে ভালোবাসার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ হয়েছে। এমনকি এই বিষয়ে মুখ খুললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিল অভিযুক্ত।
সম্প্রতি শারীরিকভাবে অসুস্থ হয়ে পরে নাবালিকা। তারপরেই এই গোটা ঘটনা প্রকাশ্যে আসে পরিবারের সামনে। ইতিমধ্যেই ছাত্রীর পরিবারের তরফে বোলপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিস। তবে এখন পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা যায়নি বলে খবর মিলেছে।
এই বিষয়ে বিজেপি নেতা খোকন দাস জানান, নাবালিকার পরিবার ভয় পেয়ে প্রথমে কাউকে কিছু বলতে পারেনি। পরে তাঁদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা থানায় অভিযোগ দায়ের করে। আজ, শনিবার নাবালিকাকে বোলপুর আদালতে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর সূত্রের। উল্লেখ্য, রাজ্য জুড়ে এত পকসো ধারায় মামলা দায়ের হওয়ার পরেও যৌন নির্যাতন থেকে রেহাই পাচ্ছে না নাবালিকারা। রাজ্যে নিরাপত্তা বা সুরক্ষা দুটোই আজ বিরাট প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। এই ঘটনার দ্রুত বিচার হোক বলে পুলিসের কাছে প্রার্থনা জানিয়েছেন নির্যাতিতার ঠাকুমা।