কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ক্যানিংয়ে। তৃণমূলের বুথ এজেন্টকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয় বলা হয় অভিযোগ। কিন্তু ঠিক কী কারণে তাঁর বিরুদ্ধে মারমূখী হয়ে পড়লেন ওই জওয়ান, তা অস্পষ্ট। অন্যদি...
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ ক্যানিংয়ে। তৃণমূলের বুথ এজেন্টকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয় বলা হয় অভিযোগ। কিন্তু ঠিক কী কারণে তাঁর বিরুদ্ধে মারমূখী হয়ে পড়লেন ওই জওয়ান, তা অস্পষ্ট। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বুথ চত্বর জুড়ে। সাময়িকভাবে স্থগিত থাকে ভোটদান পর্ব।
বুধবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিকই ছিল ক্যানিং পশ্চিম বিধানসভার ১১২ নম্বর বুথের। কিন্তু তাল কাটে বেলা বাড়লে। বুথ থেকে বের করে চরম মারধর করা হয় তৃণমূলের এক বুথ এজেন্টকে। অভিযোগ ওঠে এক কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। জানা যাচ্ছে, আক্রান্ত ওই বুথ এজেন্টের নাম প্রদীপ দাস। প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, তাঁকে প্রায় বিবস্ত্র করে মারধর করা হয় এদিন। কিন্তু ঠিক কী কারণে এই প্রহার তার উত্তর নেই। এরপরেই বুথ ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। অভিযোগ, তাঁর সঙ্গেও খারাপ ব্যবহার করা হয়।
ঘটনায় পরেশের অভিযোগ, পরশু দিন রাতেও ওই তৃণমূল এজেন্টের বাড়িতে চড়াও হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু তাঁকে সেই সময় বাড়িতে না পেয়ে ফের আজ বুথে এসে তাঁর উপর হামলা চালানো হয়। এমতাবস্থায় অভিযুক্ত ওই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ভোট বন্ধ থাকবে বলে দাবি তোলেন বিক্ষোভকারীরা। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিস সুপার ও আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। অভিযুক্ত জওয়ানকে বুথ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ পরে পরিস্থিতি শান্ত হলে পুনরায় শুরু হয় ভোটগ্রহণ পর্ব।