বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে রাজনৈতিক গোলমাল। জায়গায় জায়গায় নমিনেশন জমা দেওয়া নিয়ে গন্ডগোল। আর এবার সেই গন্ডগোলে সরাসরি জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল। সোমবার দুই দলের মনোনয়ন ফাইল করার...
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রকট হচ্ছে রাজনৈতিক গোলমাল। জায়গায় জায়গায় নমিনেশন জমা দেওয়া নিয়ে গন্ডগোল। আর এবার সেই গন্ডগোলে সরাসরি জড়িয়ে পড়ল সিপিএম এবং তৃণমূল। সোমবার দুই দলের মনোনয়ন ফাইল করার সময় রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া। রীতিমত ধস্তাধস্তি শুরু হয় দু'পক্ষের। ঘটনাস্থলে পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আজ হাওড়া জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দিতে পৌঁছায় তৃণমূল এবং সিপিএমের প্রার্থীরা। ঠিক সেই সময়েই মুখোমুখি পড়ে যায় দুই দলের কর্মী-সমর্থকেরা। শুরু হয় উত্তপ্ত বাক্য-বিনিময়। রীতিমত তৃণমূলকে দেখে 'চোর' স্লোগান শুরু করে বাম কর্মীরা। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। শুরু হয় দু'পক্ষের ধস্তাধস্তি। তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত পুলিস ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা শুরু করে।
ঘটনাস্থলে উপস্থিত এক মহিলা তৃণমূল সমর্থকের অভিযোগ, 'সিপিএম কর্মীরা আমাদের দেখে প্রথমে কটূক্তি করে। চোর বলে স্লোগান তোলে।' মহিলাদের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ তোলেন তিনি। যদিও হাওড়া সিটি পুলিসের দাবি, 'মনোনয়ন প্রক্রিয়া নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। মনোনয়ন কেন্দ্রের ভিতরে ৫ জনের বেশি কাউকে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।'