ভোটদান পর্ব মিটতে না মিটতেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানানো হয়েছে বলেও খবর সূত্রের। এমতাবস্থায় ক...
ভোটদান পর্ব মিটতে না মিটতেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। চারটি বিধানসভা কেন্দ্রের মোট ৭৭টি বুথে পুনর্নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদনও জানানো হয়েছে বলেও খবর সূত্রের। এমতাবস্থায় কোথায়, কোন বুথে পুনর্নির্বাচন প্রয়োজন তা যাচাই করে সিদ্ধান্ত নেবে কমিশন। আর বিশেষ যাচাইকরণ বা স্ক্রুটিনির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। খোদ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ফোন করে তাঁকে এই নির্দেশ দিয়েছেন বলে খবর।
সিইও দফতর সূত্রে খবর, যে ৭৭টি বুথে পুননির্বাচনের আবেদন জানানো হয়েছে তার মধ্যে রয়েছে, ফলতা বিধানসভার ৩২টি, ডায়মন্ড হারবারের ২৯টি, বজবজের ৩টি এবং মগরাহাট পূর্ব বিধানসভার ১৩টি বুথ। যেগুলো অধিকাংশই তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভার অন্তর্গত। জানা যাচ্ছে, প্রতিটি বুথ ঘুরে আলাদা করে পর্যবেক্ষণ করবেন সুব্রত গুপ্ত। আর তারপরেই পুনর্নির্বাচন করা হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিস পর্যবেক্ষক অজয়পাল শর্মা দিনভর টহল দেওয়ার পরেও বিক্ষিপ্ত অশান্তি দেখা যায় ফলতায়। গতকাল সেখানকার ১৭০ এবং ১৮৯ নম্বর বুথের ইভিএমে বিজেপির প্রতীকে টেপ লাগানো হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরেও কার্যত হুলস্থূল শুরু হয় এলাকায়। ওঠে পুনর্নির্বাচনের দাবি।