বুধবার রাজ্যের সাত জেলায় ভোটযুদ্ধ হবে ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর মধ্যে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটদান। তবে আগামীকাল ভোটার কার্ড সঙ্গে না থাকলেও আপনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কীভাবে? জ...
বুধবার রাজ্যের সাত জেলায় ভোটযুদ্ধ হবে ১ হাজার ৪৪৮ জন প্রার্থীর মধ্যে। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটদান। তবে আগামীকাল ভোটার কার্ড সঙ্গে না থাকলেও আপনি নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কীভাবে? জানা গিয়েছে, ভোটার কার্ড ছাড়াও আরও বেশ কিছু নথিতে 'ছাড়পত্র' দিয়েছে কমিশন। ফলে সেই নথি গুলোর মধ্যে যে'কোন একটি আপনার সঙ্গে থাকলেই আপনি ভোট দিতে পারবেন। তবে তার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকা জরুরি।
সাধারণত ভোটদানের ক্ষেত্রে ভোটার কার্ড অথবা ভোটার স্লিপ সঙ্গে রাখতে হয়। কিন্তু এক্ষেত্রে কমিশন আরও ১২টি বিকল্প নথির কথা উল্লেখ করেছে। সেগুলো হল-আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, পেনশনের সচিত্র নথি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ছবি-সহ পাসবই, ১০০ দিনের কাজের জব কার্ড, কেন্দ্র বা রাজ্য সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র, শ্রম মন্ত্রকের প্রকল্পের অধীনে স্মার্ট কার্ড, স্বাস্থ্যবিমা প্রকল্পে শ্রম মন্ত্রকের দেওয়া স্মার্ট কার্ড, সাংসদ-বিধায়কদের দেওয়া সরকারি পরিচয়পত্র এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য কেন্দ্রের দেওয়া পরিচয়পত্র। উল্লেখিত এই ১২টি নথির মধ্যে যেকোন একটি থাকলেই আপনি ভোট দিয়ে আসতে পারবেন বুথে গিয়ে।
অন্যদিকে প্রত্যেকবারের মত এবারও বুথের মধ্যে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কমিশন। তবে ভোটারদের সুবিধার কথা মাথায় রেখে এবার বুথের বাইরে মোবাইল জমা রাখার বিশেষ ব্যবস্থা করেছে কমিশন। সেখানে মোবাইল জমা রেখে তবেই বুথের ভিতরে প্রবেশ করা যাবে। এছাড়াও যেকোন স্মার্ট ডিভাইস যেমন স্মার্ট ঘড়ি বা হেডফোন নিয়েও বুথে প্রবেশ নিষিদ্ধ।