Calcutta Television Network

মিষ্টি খেলে কি ভাগ্যের উন্নতি হয়? শাস্ত্র অনুযায়ী আনন্দ উৎসবে মিষ্টি-মুখ এর প্রচলন হল কেন? বিজ্ঞানের ব্যাখ্যা কী?

মিষ্টি খেলে কি ভাগ্যের উন্নতি হয়? শাস্ত্র অনুযায়ী আনন্দ উৎসবে মিষ্টি-মুখ এর প্রচলন হল কেন?  বিজ্ঞানের ব্যাখ্যা কী?
11 November 2026 • 03:28:46 pm

জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান, শ্রাদ্ধ কিংবা পৈতে, বাঙালি সংস্কৃতি ও ভারতীয় সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান, পূজা-পার্বণ কিংবা আনন্দের উৎসব বা সুসংবাদে মিষ্টি মুখের প্রচলন সেই  প্রাচীন কাল থেকেই চলে আসছে। এই রীতি গভীর সামাজিক, ধার্মিক এবং মনস্তাত্ত্বিক ঐতিহ্যের বার্তা বহন করে। প্রশ্ন হল উৎসবের আনন্দে মিষ্টি খাওয়ানো বা মিষ্টি বিতরণ করলে তা কি ভাগ্যের ওপর কোন প্রভাব ফেলে?  মিষ্টি বিতরণ বা মিষ্টি মুখের শাস্ত্রীয় ব্যাখ্যা কি রয়েছে?  মিষ্টি খাওয়ার সুফলের বৈজ্ঞানিক ব্যাখ্যাই বা কি? সেই সব বিষয়ে বিস্তারিত জানাব এই প্রতিবেদনে।

শাস্ত্রীয় ব্যাখ্যা কি?

হিন্দু ধর্মে পূজা-পার্বণে দেবতাদের উদ্দেশ্যে ‘নৈবেদ্য’ বা ‘ভোগ’  হিসেবে মিষ্টি বা মিষ্টি জাতীয়  দ্রব্য সন্দেশ, নাড়ু, পায়েস,ক্ষীর নিবেদন করা শাস্ত্রীয় বিধান। দেবতার উদ্দেশ্যে নিবেদিত এই মিষ্টি পরবর্তীতে ‘প্ৰসাদ’ হিসেবে সবার মাঝে বিতরণ করার প্রচলন রয়েছে। বৈদিক শাস্ত্রে মিষ্টি বা মিষ্টি জাতীয় দ্রব্য়কে অত্যন্ত পবিত্র ও ‘সাত্ত্বিক’ এবং দেব আহার  হিসেবে গণ্য করা হয়, যা শুভ কাজের শুরুতে ইতিবাচক শক্তির সঞ্চার করে ভাগ্য পরিবর্তনের শুভ বার্তা বয়ে আনে।

প্রচলিত ধারণা ও রীতি রেওয়াজ অনুযায়ী মিষ্টি মুখের মাধ্যমে মানুষের ভেতরের তিক্ততা বা ক্ষোভ দূর হয়। মিষ্টি খাওয়ানোর অর্থ হলো—আমরা অতীতের সব তিক্ত অভিজ্ঞতা ভুলে সুসম্পর্ক বজায় রেখে একে অপরকে আপন করে নিতে চাই। তাছাড়া বাঙালি বা ভারতীয় সংস্কৃতিতে বাড়িতে কোনো অতিথি এলে তিনি মিষ্টি নিয়ে আসেন এবং সেই অতিথিকে মিষ্টি খাইয়ে আপ্যায়ন করা এক চিরন্তন পরম্পরা। এতে একে অপরের মধ্যে সম্মান ও আন্তরিকতা বৃদ্ধি পায় ও আনন্দের বহিঃপ্রকাশ ঘটে।

জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা কি?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মিষ্টি সাধারণত তৈরি হয় দুধ বা দুগ্ধদাত দ্রব্য থেকে,আর দুধের ওপর চন্দ্রের সুপ্রভাব থাকে সবচেয়ে বেশী,ফলে মিষ্টি খেলে চন্দ্র গ্রহ শক্তিশালী হয়, মন ভাল থাকে,মনে খুশীর আমেজ তৈরি হয়।  তাছাড়া মিষ্টি জাতীয় দ্রব্য চন্দ্রের পাশাপাশি  রবি এবং বৃহস্পতি গ্রহকেও শান্ত ও প্রসন্ন রাখে। রবি, চন্দ্র ও বৃহস্পতির শুভ প্রভাবের কারণে ভাগ্য়ের উন্নতি ঘটে। এছাড়াও প্রচলিত ধারণা অনুযায়ী শুভ কাজের শুরুতে মিষ্টি খেলে কাজে কোনো বাধা আসে না বলে বিশ্বাস করা হয়।

বৈজ্ঞানিক ব্যাখ্যা কি?

মিষ্টি জাতীয় খাবার , চিনি বা গ্লুকোজ খাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্কে ‘ডোপামিন’ ও ‘সেরোটোনিন’ নামক হরমোন নিঃসৃত হয়। এগুলোকে ‘ফিল-গুড’ বা সুখের হরমোন বলা হয়, যা মানুষের আনন্দের অনুভূতিকে নিমেষেই বাড়িয়ে দেয়।উৎসবের আয়োজন ও খাটাখাটনির পর মিষ্টি খাবার শরীরে দ্রুত শক্তির অর্থাৎ ইনস্ট্যান্ট এনার্জির জোগান দেয়, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে,যা পরবর্তী কর্মের প্রতি মানুষকে আগ্রহী করে তোলে। 

সবশেষে বলব, সুগার বা অন্য কোন শারীরিক প্রতিবন্ধকতা না থাকলে উৎসবের আবহে বা প্রতিদিন ১টি করে মিষ্টি খেতেই পারেন। মিষ্টি কেবল একটি খাবার নয়, এটি পারস্পরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং আনন্দ ভাগ করে নেওয়া ও কর্মের প্রতি দায়িত্বশীল করে তোলার সবচেয়ে মিষ্টিদায়ক সহজ একটি মাধ্যম।