Calcutta Television Network

পাপ গ্রহ কেতু যদি শুভ হয় তাহলে জাতককে অপ্রত্যাশিত সাফল্য, প্রচুর অর্থ প্রাপ্তি, প্রখর অন্তর্দৃষ্টি, রহস্যভেদী করে, কিভাবে? জানুন -

পাপ গ্রহ কেতু যদি শুভ হয় তাহলে  জাতককে অপ্রত্যাশিত সাফল্য, প্রচুর অর্থ প্রাপ্তি, প্রখর অন্তর্দৃষ্টি, রহস্যভেদী করে, কিভাবে? জানুন -
22 November 2026 • 01:53:01 pm

ভারতীয় সনাতন ধর্মের জ্যোতিষ শাস্ত্রে কেতুকে একটি ছায়া ও পাপ গ্রহ বলে উল্লেখ করা হয়েছে। আবার অন্যভাবে এই গ্রহকে রহস্যভেদকারী গুপ্ত বিদ্যায় পারদর্শী একটি শক্তি হিসাবেও ব্যাখ্যা করা হয়েছে। জ্যোতিষ শাস্ত্রের বর্ণনা অনুযায়ী, কেতু গ্রহের মাথা না থাকলেও যে গ্রহের সঙ্গে অবস্থান করে বা জন্মছকে যে ভাবের ওপর অবস্থান করে সেই গ্রহ বা ভাব অনুযায়ী ফল দান করে থাকে। কেতু গ্রহকে আধ্যাত্মিকতার কারক গ্রহও বলা হয়ে থাকে। জন্মছকে কেতু শুভ স্থানে থাকলে জাতক-জাতিকারা জীবনে হঠাৎ অপ্রত্যাশিত সাফল্য,প্রচুর অর্থ সম্পদ,প্রখর অন্তর্দৃষ্টি,রহস্য উন্মোচন, আধ্যাত্মিক উন্নতি এবং নির্মোহ ও শান্ত স্বভাবের মতো ইতিবাচক কিছু ফল পেয়ে থাকেন। বৈদিক জ্যোতিষ মতে, জন্মছকের প্রথম.তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, নবম এবং দশম ঘরে কেতু অবস্থান করলে সাধারণত অত্যন্ত শুভ ফল দান করে থাকে। এছাড়া বৃশ্চিক,মতান্তরে ধনু  রাশিতে কেতু তুঙ্গস্থ হয়ে শক্তিশালী ও ইতিবাচক ভূমিকা পালন করে থাকে।

১) কেতু শুভ ঘরে অবস্থান করলে জাতককে আধ্যাত্মিক চেতনা ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি করে পার্থিব মোহের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। জাতকের ষষ্ঠ ইন্দ্রিয় বা ইন্টিউশান পাওয়ার খুব প্রখর হয়, যার ফলে তারা মানুষের আসল উদ্দেশ্য বা ভবিষ্যতের ঘটনা আগে থেকেই আঁচ করতে পারেন।

২) শাস্ত্রের ব্যাখ্যা বা প্রচলিত প্রবাদে বলা হয়েছে - লগ্নে যাদের থাকে কেতু,সোনায় বাঁধে ভাগ্যের সেতু।। অর্থাৎ হঠাৎ করে অপ্রত্যাশিত ভাবে জীবনে  সাফল্য নেমে আসবে। সেই কারণে শুভ স্থানের কেতু জাতকের জীবনে আকস্মিক অর্থ লাভ, অপ্রত্যাশিত সম্পত্তি প্রাপ্তি বা কর্মক্ষেত্রে বড় কোনো উন্নতি এনে দিতে পারে।

৩) শুভ ঘরে শুভ গ্রহের সঙ্গে অবস্থানরত কেতু গোপন রহস্যভেদ,গবেষণা ও গুপ্তবিদ্যায় দক্ষতা দিয়ে থাকে।  জ্যোতিষ শাস্ত্র, দর্শন, চিকিৎসা বিজ্ঞান, প্রযুক্তি বা যেকোনো গভীর গবেষণামূলক কাজে শুভ কেতু অসাধারণ সাফল্য এনে দেয়।

৪) কেতু কোন শক্তিশালী শুভ গ্রহের সঙ্গে অবস্থান করলে জাতককে মানসিকভাবে দৃঢ় ও নির্মোহ স্বভাবের করে তোলে। এই গ্রহের শুভ প্রভাবে জাতক অতি সহজেই মানুষ চিনে নেতিবাচক পরিবেশ বা বিষাক্ত সম্পর্ক থেকে সহজেই নিজেকে সরিয়ে নিতে সমর্থ হন। একা সময় কাটাতে বা নির্জনে নিজের মতো সময় কাটাতে এরা ভীষণ ভালোবাসেন এবং অল্পতেই তুষ্ট থাকেন,কোন আক্ষেপ থাকে না।

৫) কোন জাতকের জন্মছকে কেতু যদি বৃহস্পতির সাথে যুক্ত হয়ে পঞ্চম, দশম বা একাদশ স্থানে অবস্থান করে  তবে তা জাতককে রাজতুল্য সম্মান ও সমৃদ্ধি এনে দিতে পারে।  আর মঙ্গলের সাথে অবস্থান করে যদি জন্মছকে তৃতীয় ও ষষ্ঠভাবে অবস্থান করে, তবে জাতক  অসীম সাহসের অধিকারী হন। শত্রুপক্ষকে পরাস্ত করে খেলাধুলা, সেনাবাহিনী ও রাজনীতিতে বিরাট সাফল্যের  ছাপ রাখবে।