শাস্ত্রের বিধান, প্রচলিত বিশ্বাস ও জ্যোতিষ শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী, জগদ্ধাত্রী পূজায় বিশেষ করে নবমী তিথিতে নিষ্ঠাভরে আরাধনা, আমলকী গাছের পূজা এবং অসহায় মানুষকে দান করলে দেবীর কৃপায় ভাগ্যের উন্নতি ও সংসারের শ্রীবৃদ্ধি ঘটে। তাছাড়া জীবনের বাধা কাটাতে এবং সুখ-সমৃদ্ধি লাভ করতে কার্তিক মাসের শুক্ল পক্ষের নবমী, শাস্ত্র মতে ‘অক্ষয় নবমী’ বা ‘আমলা নবমী’ পালন করা হয়। এই পবিত্র তিথিতে আমলকী গাছের পূজা করার পেছনে গভীর পৌরাণিক, আধ্যাত্মিক এবং প্রাকৃতিক ব্যাখ্যা রয়েছে।
জগদ্ধাত্রী’ শব্দের অর্থ যিনি সমগ্র বিশ্বকে ধারণ ও পালন করেন। আমলকী গাছও তার ফল, ছায়া এবং ঔষধি গুণের মাধ্যমে জীব জগৎকে রক্ষা ও পালন করে। জগদ্ধাত্রী পূজার দিন আমলকী গাছের পূজা করার মাধ্যমে মূলত প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। মানুষ বিশ্বাস করে, এই পূজার মাধ্যমে সংসারের নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য লাভ হয়।
হিন্দু ধর্মের স্কন্দ পুরাণ অনুযায়ী, কার্তিক শুক্ল নবমী থেকে কার্তিক পূর্ণিমা পর্যন্ত আমলকী গাছে স্বয়ং ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মী বসবাস করেন। অন্য মতে, এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর সহ সকল দেবতার অধিষ্ঠান রয়েছে, তাই এই গাছে নৈবেদ্য নিবেদন করার অর্থ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ও মা লক্ষ্মীকে নিবেদন করা। পৌরাণিক কাহিনী মতে, সমুদ্র মন্থনের সময় অমৃতের ফোঁটা পৃথিবীতে পড়ে আমলকী গাছের জন্ম হয়েছিল। তাই একে অমরত্ব ও পবিত্রতার প্রতীক হিসেবেও পূজা করার রীতি প্রচলিত।
স্কন্দ পুরাণ মতে, এই বিশেষ দিনে আমলকী গাছের নিচে বসে রান্না করা বা প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়।এ ছাড়াও নবমীর দিন ভক্তরা আমলকী গাছের গোড়ায় জল ঢালেন এবং সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান। সুখ, সমৃদ্ধি,দীর্ঘায়ু ও সমস্ত মনস্কামনা পূরণের আশায় গাছটিকে সাতবার প্রদক্ষিণ করার রীতিও প্রচলিত রয়েছে।