ভারতীয় জ্যোতিষ শাস্ত্র ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২৬ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে মঙ্গল গ্রহ কর্কট রাশিতে প্রবেশ করে নীচস্থ হবে। বৈদিক জ্যোতিষ শাস্ত্রে দেবগুরু বৃহস্পতি এবং গ্রহদের সেনাপতি মঙ্গলের সহাবস্থানকে অত্যন্ত শুভ ও পরাক্রমশালী বলে গণ্য করা হয়, যাকে গুরুমঙ্গল যোগ বলা হয়। দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, প্রজ্ঞা, ধন ও সৌভাগ্যের কারক; অন্যদিকে মঙ্গল হলেন শক্তি, সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক। কর্কট রাশিতে বৃহস্পতির উপস্থিতির কারণে একটি বিরল নীচ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে,যা বেশ কিছু রাশির জন্য শুভ হলেও অশুভ বার্তাও বয়ে আনতে পারে।
মেষ রাশিঃ এই রাশির অধিপতি হলেন মঙ্গল। নীচভঙ্গ রাজযোগের প্রভাবে ক্যারিয়ার এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সাহস পাবেন। ব্যবসায় গতি আসবে এবং আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। কিন্তু এই গোচরে মঙ্গল আপনার চতুর্থ ঘরে, অর্থাৎ সুখ, পরিবার, মা ও সম্পত্তির সঙ্গে সম্পর্কিত ক্ষেত্রে অবস্থান করবে। ফলে পারিবারিক বিষয় এবং সম্পত্তি নিয়ে মতবিরোধ বাড়তে পারে। মায়ের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে। এই সময়ে মানসিক অশান্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর সময় বিশেষ সতর্ক থাকুন, কারণ অসাবধানতার কারণে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।
কর্কট রাশিঃ নিজের রাশিতে মঙ্গল ও বৃহস্পতির এই সংযোগ আপনার আত্মবিশ্বাস ও সাহস বহুগুণ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পেতে পারেন এবং অভাবনীয় সফলতা আসবে। তা সত্ত্বেও অতিরিক্ত রাগ ও মানসিক চাপ সম্পর্কে সতর্ক থাকতে হবে। এর ফলে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকেও সতর্ক থাকা প্রয়োজন। রক্তচাপ বা রক্তসংক্রান্ত কোনও সমস্যা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। পারিবারিক জীবনে অযথা তর্ক-বিবাদ এড়িয়ে চলুন। এই সময়ে আবেগের বশে বা তাড়াহুড়ো করে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাবেন না।
সিংহ রাশিঃ সিংহ রাশির দ্বাদশ ঘরে মঙ্গলের গোচর হবে। দ্বাদশে গুরুমঙ্গল যোগ সৃষ্টি হওয়ায় আধ্যাত্মিক চেতনার উন্নতি হবে। কিন্তু এই ঘর ব্যয়, ক্ষতি ও অপ্রত্যাশিত পরিস্থিতির সঙ্গে যুক্ত। ফলে হঠাৎ করে অপ্রয়োজনীয় খরচ বেড়ে গিয়ে আর্থিক চাপ তৈরি হতে পারে। পুরনো সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদ ফের সামনে আসতে পারে এবং তা মানসিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে। আদালত বা আইনি বিষয় জড়িত কোনও পরিস্থিতিতে বিশেষ সতর্ক থাকুন এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করুন।
ধনু রাশিঃ ধনু রাশির অষ্টম ঘরে মঙ্গলের নীচ অবস্থায় গোচর হবে। জ্যোতিষ শাস্ত্রে অষ্টম ঘরকে আকস্মিক ঘটনা, গোপন বিষয় ও অনিশ্চয়তার সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। তাই এই সময়ে কিছু অপ্রত্যাশিত সমস্যা সামনে আসতে পারে। স্বাস্থ্যের হঠাৎ অবনতি হওয়ার আশঙ্কা থাকায় নিজের শরীরের প্রতি বাড়তি নজর দিন। গাড়ি চালানো কিংবা কোনও যন্ত্রপাতি ব্যবহারের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। দাম্পত্য জীবনে ও কর্মক্ষেত্রে কোনও ব্যক্তি গোপনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। পাশাপাশি আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকা দরকার।