Calcutta Television Network

গণেশের শুঁড় কোন দিকে থাকা শুভ?

গণেশের শুঁড় কোন দিকে থাকা শুভ?
14 September 2026 01:45:16 pm

গণেশের অপর নাম সিদ্ধি বিনায়ক। গণেশের নাম স্মরণ করলে যাত্রা শুভ হয়, কার্যসিদ্ধি হয়, বাধা বিঘ্ন থেকে রেহাই পাওয়া যায়, এই জন্যই গণেশের অপর নাম বিঘ্ননাশক। কিন্তু জ্যোতিষ ও বাস্তু বিদদের মধ্যে সব গণেশ মূর্তিই সমান ফল দান করে না । গণেশ মূর্তির উপাদান, তার গঠন বৈচিত্র্য,তাঁকে প্রতিস্থাপন করা ইত্যাদি অনেক বিষয়ের উপর নির্ভর করে তার গুণাগুণও । বাস্তু ও তন্ত্র মতে, বামাবর্ত অর্থাৎ বাঁ দিকের শুঁড় বিশিষ্ট গণেশ মুর্তি সবথেকে শুভ বলে মানা হয়। কিন্তু কেন? আজ জানাব সেই তথ্য।

বাড়ি বা গৃহস্থালির জন্য গণেশের বাঁ দিকের শুঁড় যুক্ত মূর্তি অত্যন্ত শুভ ও আদর্শ বলে মনে করা হয়। পৌরাণিক মতে, গণেশের জন্ম হয়েছিল মা দুর্গার ইচ্ছা অনুসারে, কিন্তু মুন্ডচ্ছেদ হওয়ার পর শিবের চেষ্টায় মস্তক ও জীবন ফিরে পান। এই দিক থেকে দেখলে গণেশের দেহ তাঁর মায়ের এবং মস্তক তথা চেতনা তাঁর পিতার দান। পুরাণ অনুযায়ী,মা পার্বতী ছিলেন সাক্ষাত অন্নপূর্ণা অর্থাৎ সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখতেন। পার্বতীর স্থান শিবের বাম দিকে। তিনি তাই ‘বামিনী’ নামেও পরিচিত। বাম দিকের নাড়ীকে ইরা বা‘চন্দ্র নাড়ী’ বলা হয়, যা শীতল শক্তির অবস্থান বলে ধরা হয়। এটি গৃহে শান্তি, স্বস্তি, নির্মল ভাব ও ইতিবাচক শক্তি বজায় রাখে। এই রূপটি জাগতিক সুখ-শান্তি, বস্তুগত সমৃদ্ধি, পারিবারিক আনন্দ এবং সাফল্য আনয়ন করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাঁ দিকে বাঁকানো শুঁড় বা 'বামমুখী' গণেশ মূর্তি বাড়িতে রাখলে ঘরের বিভিন্ন বাস্তু দোষ কেটে যায়।

এই জন্যই বলা হয় গণেশের শুঁড় যদি বাম দিকে কুণ্ডলী পাকিয়ে থাকে, তবে তিনি মা পার্বতীর গুণাবলির  দ্বারা প্রাভাবিত হয়েছেন, অর্থাৎ তিনি গৃহে সুখের সন্ধান দিতে পারেন। তাঁর কৃপায় গৃহে শান্তি-সমৃদ্ধি স্থায়ী হয়। তাই গৃহে বাম দিকের শুঁড় বিশিষ্ট গণেশ মূর্তি রাখাই শ্রেয় বলে মনে করা হয়।


×
  • CTVN