সমাজসেবা বা সোশ্যাল ওয়ার্ক নিয়ে উচ্চশিক্ষা করতে ইচ্ছুক পড়ুয়াদের জন্য বড় সুযোগ এনে দিল দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (National Institute of Technology Durgapur)। দেশের অন্যতম নামী প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান এই ইনস্টিটিউট এবার ২০২৬-২০২৮ শিক্ষাবর্ষের জন্য এমএসডব্লিউ (Master of Social Work) কোর্সে ভর্তির আবেদন গ্রহণ শুরু করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দু’বছরের এই স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে মোট ১৫টি আসন রয়েছে। সমাজ উন্নয়ন, কমিউনিটি ডেভেলপমেন্ট, সামাজিক নীতি এবং মানবকল্যাণমূলক কাজের মতো বিষয় নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে এই কোর্সে। পুরো কোর্স সম্পন্ন করতে আনুমানিক ১ লক্ষ ১৫ হাজার টাকা খরচ হতে পারে বলে জানানো হয়েছে।
এই কোর্সে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রার্থীদের বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাথমিকভাবে বাছাই হওয়া প্রার্থীদের তালিকা ১৯ মে প্রকাশ করা হবে। এরপর ২৬ মে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ। এই তিনটি ধাপের নম্বর যথাক্রমে ৫০, ৩০ এবং ২০। সব মিলিয়ে মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে ২৯ মে।
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৩ মে ২০২৬।