জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন (JEE) Main-এর ফল প্রকাশের পরই পড়ুয়াদের বড় প্রশ্ন... এখন কোন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে এবং কীভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে? ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার ও প্ল্যানিং শাখায় স্নাতক স্তরে পড়াশোনার জন্য JEE Main পাস করা প্রথম ধাপ।
JEE Main স্কোরের ভিত্তিতে দেশের একাধিক শীর্ষ প্রতিষ্ঠান... National Institutes of Technology (NIT), Indian Institutes of Information Technology (IIIT) এবং বিভিন্ন সরকারি প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠানে B.Tech/B.E. কোর্সে ভর্তি নেওয়া হয়। এই ভর্তি প্রক্রিয়া পরিচালনা করে Joint Seat Allocation Authority (JoSAA) কাউন্সেলিং। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রার্থীরা পছন্দের কলেজ ও বিভাগ বেছে নেন। এরপর সর্বভারতীয় র্যাঙ্ক, আসনসংখ্যা ও সংরক্ষণ নীতির ভিত্তিতে আসন বণ্টন করা হয়।
সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, এরোস্পেস, মেটালার্জিক্যাল-সহ নানা শাখায় পড়াশোনার সুযোগ রয়েছে। এ ছাড়াও Delhi Technological University, Netaji Subhas University of Technology এবং Assam University-র মতো প্রতিষ্ঠানে জেইই মেন স্কোরের ভিত্তিতে ভর্তি হওয়া যায়। বেশ কিছু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজও এই স্কোর গ্রহণ করে।
তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা প্রয়োজন... Indian Institutes of Technology (IIT)-তে ভর্তি হতে গেলে শুধুমাত্র জেইই মেন পাস যথেষ্ট নয়। IIT-তে স্নাতক স্তরে পড়াশোনার জন্য JEE Advanced পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।
অতএব, JEE Main পাসের পর সঠিক তথ্য জেনে সময়মতো কাউন্সেলিং-এ অংশ নেওয়াই সাফল্যের চাবিকাঠি। পরিকল্পিত পদক্ষেপ নিলে দেশের সেরা প্রযুক্তি প্রতিষ্ঠানে পড়ার স্বপ্ন বাস্তব হতে পারে।