উচ্চ মাধ্যমিকের পর বিজ্ঞানচর্চায় কেরিয়ার গড়তে চাইলে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার) হতে পারে অন্যতম সেরা পছন্দের জায়গা। দেশের সাতটি আইসারের মধ্যে আইসার কলকাতা বিশেষভাবে উল্লেখযোগ্য। এখানে পাঁচ বছরের ইন্টিগ্রেটেড বিএস-এমএস কোর্সে পড়াশোনার সুযোগ রয়েছে।
এই কোর্সে প্রথম বছরে পড়ানো হয় বেসিক সায়েন্স-বায়োলজিক্যাল, কেমিক্যাল, ম্যাথমেটিক্যাল, ফিজ়িক্যাল ও আর্থ সায়েন্স। পাশাপাশি থাকে কম্পিউটার প্রোগ্রামিং ও হিউম্যানিটিজ়। দ্বিতীয় বছরে শিক্ষার্থীরা তিনটি বিষয় প্রি-মেজর হিসেবে বেছে নেন। তৃতীয় ও চতুর্থ বছরে সেই তিনটির মধ্যে একটি মেজর নির্বাচন করতে হয় এবং সঙ্গে থাকে একটি ইন্টারডিসিপ্লিনারি ঐচ্ছিক বিষয়। পঞ্চম বছরে গবেষণাপত্র প্রস্তুত ও প্রকল্পভিত্তিক প্রশিক্ষণ সম্পন্ন করতে হয়।
ভর্তির জন্য শিক্ষার্থীদের ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিতে হবে। বিজ্ঞান বিভাগে (জীববিদ্যা, রসায়ন, গণিত ও পদার্থবিদ্যা) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর প্রয়োজন।
আইসার অ্যাডমিশন টেস্ট (আইএটি)-এর মাধ্যমে ভর্তি নেওয়া হয়। চলতি বছর পরীক্ষা হবে ৭ জুন। আবেদন করার শেষ দিন ১৩ এপ্রিল এবং অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ২৪ মে। তিন ঘণ্টার পরীক্ষায় ৬০টি এমসিকিউ প্রশ্ন থাকবে, মোট নম্বর ২৪০। প্রতিটি সঠিক উত্তরে ৪ নম্বর এবং ভুল উত্তরে ১ নম্বর কাটা যাবে।
কলকাতা ছাড়াও আইসার মোহালি, ভোপাল ও তিরুপতিতেও একই প্রবেশিকার মাধ্যমে ভর্তির সুযোগ রয়েছে। বিজ্ঞান গবেষণায় ভবিষ্যৎ গড়তে আগ্রহীদের জন্য এটি এক দুর্দান্ত সুযোগ।