দেশের অন্যতম বৃহৎ শিক্ষা বোর্ড Central Board of Secondary Education (সিবিএসই) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে দ্বাদশ শ্রেণির উত্তরপত্র মূল্যায়নে আনছে বড় পরিবর্তন। কাগজের খাতা হাতে নিয়ে নম্বর দেওয়ার বদলে চালু হচ্ছে ‘অন স্ক্রিন মার্কিং’- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নম্বর মূল্যায়ন।
বোর্ড জানিয়েছে, দশম ও দ্বাদশের পরীক্ষার মাঝামাঝি সময়েই শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণে শিক্ষকরা শিখবেন কীভাবে নির্দিষ্ট ডিজিটাল পোর্টালে লগইন করে স্ক্যান করা উত্তরপত্র মূল্যায়ন করতে হবে, কীভাবে নম্বর এন্ট্রি করতে হবে এবং নম্বরের সঠিকতা মিলিয়ে নিতে হবে।
এই ‘অন স্ক্রিন মার্কিং’ পদ্ধতির মূল লক্ষ্য কাগজের ব্যবহার কমানো এবং মূল্যায়ন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দ্রুততর করা। নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে শিক্ষকরা একযোগে কাজ করতে পারবেন, ফলে ফলপ্রকাশের সময়ও কমতে পারে। পাশাপাশি, মূল্যায়নের সময় কোনও প্রযুক্তিগত সমস্যা হচ্ছে কি না, তা-ও প্রশিক্ষণ পর্বে খতিয়ে দেখা হবে।
বোর্ড স্পষ্ট জানিয়েছে, এই প্রশিক্ষণে অংশ নেওয়া সকল শিক্ষকের জন্য বাধ্যতামূলক। নির্দিষ্ট সময়সীমার মধ্যে পোর্টালে যোগ দিয়ে তাঁদের প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে। তবে আপাতত এই ডিজিটাল মূল্যায়ন কেবল দ্বাদশ শ্রেণির জন্যই প্রযোজ্য। দশম শ্রেণির খাতা আগের মতোই প্রচলিত পদ্ধতিতে মূল্যায়ন করা হবে।
শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির এই সংযোজন একদিকে যেমন আধুনিকতার ইঙ্গিত, তেমনই শিক্ষকদের জন্য নতুন চ্যালেঞ্জও বটে। খাতা থেকে স্ক্রিন- এই পরিবর্তন কতটা সফল হয়, তা এখন সময়ই বলবে। তবে স্পষ্ট, সিবিএসই শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে বদ্ধপরিকর।