উচ্চশিক্ষায় গবেষণার স্বপ্ন দেখছেন? তা হলে বড় সুযোগ নিয়ে হাজির কেরলের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (Central University of Kerala)। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মোট ২৭টি বিষয়ে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে যোগ্য প্রার্থীদের।
কোন কোন বিষয়ে গবেষণার সুযোগ দেওয়া হবে? গবেষণার তালিকা বিস্তৃত ও বৈচিত্র্যময়। রয়েছে- যোগ, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন, প্রাণিবিদ্যা, অর্থনীতি, হিন্দি, কন্নড়, মালয়ালম, আইন, ইংরেজি ও তুলনামূলক সাহিত্য, ভাষাতত্ত্ব, আন্তর্জাতিক সম্পর্ক, এডুকেশন, এনভায়রনমেন্টাল সায়েন্স, জেনোমিক সায়েন্স, জিয়োলজি, কমার্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজ়নেস, কম্পিউটার সায়েন্স, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি, ম্যানেজমেন্ট স্টাডিজ়, প্লান্ট সায়েন্সেস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পলিসি স্টাডিজ়, পাবলিক হেলথ অ্যান্ড কমিউনিটি মেডিসিন, সোশ্যাল ওয়ার্ক এবং ট্যুরিজ়ম স্টাডিজ়। অর্থাৎ বিজ্ঞান, কলা ও বাণিজ্য- তিন শাখাতেই রয়েছে গবেষণার দিগন্ত।
কারা আবেদন করতে পারবেন? সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। তবে শর্ত রয়েছে... প্রার্থীদের Council of Scientific and Industrial Research–University Grants Commission আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (CSIR-UGC NET) উত্তীর্ণ হতে হবে এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) থাকতে হবে।
যাঁরা NET ও JRF পেয়েছেন, তাঁদের ক্ষেত্রে এমফিল বা চার বছরের স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করার সুযোগ মিলবে।
আগ্রহীদের অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনমূল্য ১,০০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে।