কোম্পানি সেক্রেটারি (CS) কোর্সে ভর্তি হতে গেলে প্রথম ধাপই হল সিএস এক্সিকিউটিভ এন্ট্রান্স টেস্ট (CSEET)। আগামী জুন মাসের পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়াল The Institute of Company Secretaries of India (ICSI)। আগে আবেদনের শেষ দিন ছিল ১৫ ফেব্রুয়ারি, তা বাড়িয়ে করা হয়েছে ২৮ ফেব্রুয়ারি।
পরীক্ষায় নাম নথিভুক্ত করতে রেজিস্ট্রেশন ফি ৭,৫০০ টাকা এবং পরীক্ষার ফি ১,৫০০ টাকা জমা দিতে হবে। ১ থেকে ৭ এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়া যাবে। তবে ৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত জরিমানা-সহ ফর্ম জমা দেওয়ার সুযোগ থাকবে।
আগামী ১ থেকে ৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সিএসইইটি অনুষ্ঠিত হবে। প্রতিটি পত্রের পূর্ণমান ১০০। প্রথম তিন দিন পরীক্ষার সময় ৩ ঘণ্টা করে, আর চতুর্থ দিনের পরীক্ষার জন্য সময় থাকবে ২ ঘণ্টা। প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময়ও দেওয়া হবে।
যোগ্যতা হিসেবে, যাঁরা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিচ্ছেন বা সদ্য উত্তীর্ণ হয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। পাশাপাশি স্নাতক স্তরে পাঠরত শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে তিন বছর পর্যন্ত সিএসইইটি-র নম্বর বৈধ থাকবে।
কী ভাবে আবেদন করবেন?
১. smash.icsi.edu ওয়েবসাইটে যেতে হবে।
২. ‘CSEET June 2026 Registration’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. ই-মেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে।
৪. আবেদনপত্র পূরণ করে ফি জমা দিতে হবে।
৫. শেষে ‘কনফারমেশন পেজ’ ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।
সিএস পেশায় আগ্রহী ছাত্রছাত্রীদের জন্য এটি বড় সুযোগ। সময়সীমা বাড়ায় এখনই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করাই বুদ্ধিমানের কাজ।