Calcutta Television Network

নিয়ম না মানলে বাতিল পরীক্ষা! গেট নিয়ে সতর্কবার্তা দিল আইআইটি গুয়াহাটির

নিয়ম না মানলে বাতিল পরীক্ষা! গেট নিয়ে সতর্কবার্তা দিল আইআইটি গুয়াহাটির

6 February 2026 , 12:45:30 pm

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট পরীক্ষা। চলতি বছরের পরীক্ষার দায়িত্বে থাকা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) গুয়াহাটি পরীক্ষার্থীদের জন্য প্রকাশ করেছে গুরুত্বপূর্ণ নিয়মবিধি। পরীক্ষার আগেই যাতে কোনও বিভ্রান্তি না থাকে, সে জন্য বিস্তারিত নির্দেশিকা জারি করা হয়েছে।

চলতি বছর গেট পরীক্ষা হবে ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি। দেশজুড়ে কম্পিউটার বেসড টেস্ট (CBT) পদ্ধতিতে এই পরীক্ষা আয়োজন করা হবে। প্রতিদিন দু’টি ভাগে পরীক্ষা নেওয়া হবে। প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ৯টা থেকে, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয় ভাগের পরীক্ষা হবে দুপুর আড়াইটে থেকে বিকেল ৫টা পর্যন্ত।

IIT Guwahati-র প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, পরীক্ষার্থীদের পরীক্ষার দিন অন্তত ৬০ থেকে ৯০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, বই, খাতা, ব্যাগ, ক্যালকুলেটর কিংবা কোনও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকা নিষিদ্ধ। পরীক্ষায় প্রয়োজনীয় গণনার জন্য কম্পিউটারের মধ্যেই ‘ভার্চুয়াল ক্যালকুলেটর’ ব্যবহার করার সুযোগ থাকবে।

পরীক্ষার দিন অ্যাডমিট কার্ডের হার্ড কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। এ৪ সাইজের কাগজে প্রিন্ট করা অ্যাডমিট কার্ডে পরীক্ষার্থীর নাম, ছবি ও অন্যান্য তথ্য স্পষ্টভাবে দেখা যেতে হবে। পাশাপাশি, নাম নথিভুক্ত করার সময় যে সচিত্র পরিচয়পত্র ব্যবহার করা হয়েছিল, সেই আসল পরিচয়পত্রও সঙ্গে রাখতে হবে।

পরীক্ষার সময় মূল খাতার পাশাপাশি ‘রাফ খাতা’ দেওয়া হবে, যেখানে পরীক্ষার্থীদের নাম ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। সাধারণ ও আরামদায়ক পোশাক পরার নির্দেশও দেওয়া হয়েছে। পরীক্ষাকেন্দ্রে কর্তব্যরত পরিদর্শকের সমস্ত নির্দেশ মেনে চলার কথাও স্পষ্টভাবে জানানো হয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN