সংস্থার সাফল্যের আসল চাবিকাঠি তার মানবসম্পদ। সেই সম্পদকে কীভাবে দক্ষতার সঙ্গে পরিচালনা ও কাজে লাগানো যায়, তারই পেশাদার পাঠ দিচ্ছে Indian Institute of Foreign Trade (আইআইএফটি)। কেন্দ্রীয় বাণিজ্য দফতরের অধীনস্থ এই স্বনামধন্য প্রতিষ্ঠান চালু করেছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (HRDM)-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স।
দিল্লি ক্যাম্পাসে আয়োজিত এই কোর্সের মেয়াদ এক বছর ছ’মাস। কর্মরত পেশাদার ও স্বনিযুক্তদের সুবিধার কথা মাথায় রেখে সপ্তাহান্তে ক্লাস নেওয়া হবে। ফলে চাকরির পাশাপাশি উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার সুযোগ থাকছে।
পাঠক্রমে শেখানো হবে... কীভাবে সংস্থার মানবসম্পদকে কৌশলগতভাবে কাজে লাগানো যায়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্ব গঠন, এবং লাভের অঙ্ক বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পদ্ধতি। কর্পোরেট দুনিয়ায় যাঁরা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন বা নেতৃত্বের উচ্চপদে উঠতে চান, তাঁদের জন্য এই কোর্স বিশেষভাবে উপযোগী।
আবেদন করতে হলে যে কোনও বিষয়ে স্নাতক স্তরে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি, ব্যবস্থাপক হিসেবে অন্তত তিন বছরের পেশাগত অভিজ্ঞতা জরুরি। প্রার্থীদের বাছাই করা হবে CAT, GMAT, JAT, MAT, CMAT, ATMA-এর মতো প্রবেশিকা পরীক্ষার নম্বরের ভিত্তিতে। যাঁরা এই পরীক্ষাগুলি দেননি, তাঁদের জন্য থাকবে প্রতিষ্ঠানের নিজস্ব প্রবেশিকা, গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউ।
আবেদন সম্পূর্ণ অনলাইনে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১,২৫০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ২,৫০০ টাকা। আবেদন করার শেষ দিন ৩১ মার্চ।
মানবসম্পদ ব্যবস্থাপনায় দক্ষতা বাড়িয়ে কর্পোরেট সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে চাইলে এই কোর্স হতে পারে বড় সুযোগ।