চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় সরকারি চাকরির বড় সুযোগ নিয়ে এল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। চলতি বছরের কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিসেস (CMS) পরীক্ষার দিন ঘোষণা করার পাশাপাশি আবেদন প্রক্রিয়াও শুরু করেছে কমিশন।
এই পরীক্ষার মাধ্যমে মোট ১,৩৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা দেশের বিভিন্ন সরকারি দফতরে গুরুত্বপূর্ণ চিকিৎসক পদে কাজ করার সুযোগ পাবেন। পরীক্ষাটি আগামী ২ অগস্ট অনুষ্ঠিত হবে এবং দেশের ৪৮টি শহরে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে এর আয়োজন করা হবে।
পরীক্ষা প্রক্রিয়া মূলত দুই ধাপে সম্পন্ন হবে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, যেখানে দুটি পত্র থাকবে। প্রতিটি পত্রের পূর্ণমান ২৫০ নম্বর এবং পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী ধাপে ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। ইন্টারভিউয়ের জন্য বরাদ্দ রয়েছে ১০০ নম্বর।
আবেদন করার জন্য অসংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থী এবং মহিলা পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই ফি থেকে ছাড় দেওয়া হয়েছে। আগ্রহীদের ৩১ মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করতে হলে প্রার্থীদের Union Public Service Commission-এর অনলাইন পোর্টালে গিয়ে নির্দিষ্ট CMS অ্যাপ্লিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য ও নথি আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর তার একটি প্রিন্ট কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।