ভালোবাসার দাম চোকাতে হয় সবসময়ই। সেই তো কবেই কবিগুরু বলে গেছেন, "সেকি কেবলই যাতনাময়। " দেখুন মনে দুঃখ হওয়া একরকম, আপনি গান শুনে, বন্ধুদের সাথে হ্যাং-আউট করে বা মদ্যপানের শেষে উদ্দাম নাচ করে দুঃখ অনেকটাই লাঘব করতে পারেন। কিন্তু সেই দুঃখ যদি আপনার মানি ব্যাগের উপরে গিয়ে পড়ে, চাপ তো লাগবেই। কিন্তু ভালোবাসার দাম যে চোকাতেই হবে। বর্তমান যুগ প্রযুক্তির, মোবাইলে এক ক্লিকে, ঘর পরিষ্কার টু বিয়ে সবই হয়ে যায়। সেরকমই আছে ডেটিং এপ্লিকেশন। এই এপ্লিকেশন গুলোর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো সঙ্গী, করতে পারবেন হ্যাং-আউট। মন মিললে ভালোবাসাটাই বা বাদ যায় কেন !
একটা রাইট সোয়াইপ, ম্যাচ তারপরে ডেট বা তার থেকে আরও বেশি কিছু। আপাতত মিলেনিয়াল টু জেন আলফা, সবাই মজে এই ফোনেই। আর বিপদ লুকিয়ে এখানেই। সাম্প্রতিক কালে কলকাতাতেই ঘটে গেছিল এক ভয়ঙ্কর স্ক্যাম, ডেটিং স্ক্যাম। অনিকের (নাম পরিবর্তিত) এপ্লিকেশনে ম্যাচ হয় লাবনীর সাথে। কথা এগোয়, চলে নাম্বার আদান-প্রদান। 'চ্যাট' আরও গভীর হলে, এবার দেখা করা। প্রথম দেখা, সদ্য কলেজ পাস্ করা অনিক আপাতত বেকার। কিন্তু লাবনীর আবদারে বা বলা যায় জোরাজুরিতেই তারা দেখা করে দক্ষিণ শহরতলীর একটি ক্যাফে-তে। প্রথম দিকে সব কিছু ঠিকই ছিল,আর পাঁচটা ছেলের মতো অনিকও 'বন্ধুর থেকে একটু বেশি'-মোডে যাওয়ার দিকে। কফি আর হুক্কায় ডেট জমজমাট। কিন্তু এবার হল বিপদ। বিল এলো প্ৰায় ৮৫০০-টাকার। অনিক কিছু বুঝে ওঠার আগেই ক্যাফের কর্মীরা ওকে ঘিরে ফেলে। লাবণ্য তখন লাভের মুখ দেখে ফেলেছে, কারণ টাকাটা আদায় হলে কমিশন রয়েছে তাঁর। শেষে কোনও ভাবে বিল চুকিয়ে,অনিক সোজা স্থানীয় থানায় যোগাযোগ করে।
"হানি ট্রাপ" অনেকেই এই নামের সাথে পরিচিত। অনেক বছর আগে থেকেই,মানে ধরুন সেই পত্র মিতালীর যুগ থেকে,ভালোবার ফাঁদে ফেলে চুরি করার চল রয়েছে। প্রযুক্তির হাত ধরে এর নাম হয়েছে 'হানি ট্র্যাপ বিলিং ফ্রড। " এই চক্রে থাকা লোকরা এভাবেই ফেসবুক বা অন্যান্য এপ্লিকেশনে পুরুষদের ভালোবাসার জালে জড়িয়ে, আগে থেকে নির্দিষ্ট করে রাখা ক্যাফে তে এনে, বড় আকারের বিল হাতে ধরিয়ে ফ্রড করে। কলকাতা সহ দেশের বিভিন্ন শহরে বহুদিন ধরেই এই ধরণের প্রতারণা চলছে বলে অভিযোগ। লোকলজ্জার ভয়ে অনেক অভিযোগ সামনে আসে না, তাই বারবার হাতছাড়া হয়ে যায় অপরাধীরা।
চিঠির যুগ কবেই শেষ হয়েছে। মোবাইলের এক ক্লিকেই এখন সোজা ভাবে ভালোবাসার কথা বলা যায় ১ সেকেন্ডে। আর মোবাইলেই ফাঁদ পেতে বসে থাকে এই সব হানি ট্র্যাপ। এসব এপ্লিকেশন ব্যবহারে আমাদের আরও সাবধান হওয়া উচিত। তাহলে আগামী দিনে এই চক্র নিষ্ক্রিয় হয়ে পরবে। আর ভালোবাসার অমোঘ টানে যদি আপনি সেই ফাঁদে পা দেন, ব্যথাটা লাগবে কিন্তু আপনার পিছনে, মানে মানি ব্যাগ রাখার জায়গায়।