থাইল্যান্ডের চিয়াং রাইতে ঘটেছে এক ভয়াবহ দুর্ঘটনা, যা মাশরুম প্রেমীদেরও সতর্ক করছে। এক বন্ধু উপহার দেওয়া মারাত্মক বিষাক্ত মাশরুম দিয়ে তৈরি থাই কারি খেয়ে বাড়িতেই প্রাণ হারিয়েছেন ৭৮ বছর বয়সী বাবা বুনপান এবং তাঁর ৪০ বছর বয়সী মেয়ে উইজিত্রা।
মৃত্যুর আগে বুনপানের মুখ থেকে ফেনা বের হতে থাকে এবং প্রচণ্ড খিঁচুনি দেখা দেয়। ভিতরে অচেতন অবস্থায় পাওয়া যায় উইজিত্রাকে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও, চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পরবর্তীতে নিশ্চিত হয়, এই মর্মান্তিক মৃত্যুর কারণ বিষাক্ত মাশরুমের বিষক্রিয়া।
উইজিত্রার বড় বোন থাটসানি জানালেন, 'আমার বোন সাধারণত মাশরুম পছন্দ করত না। আগে কখনও রান্না করত না। এক বন্ধু যে মাশরুম উপহার দিয়েছিল, তাই মা রান্না করেন। কে জানত এগুলো এতটা মারাত্মক বিষাক্ত?' থাটসানি আরও জানান, আত্মীয়দেরও ওই মাশরুম দেওয়া হয়েছিল, তবে তারা এখনও রান্না করেননি।
স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই ওই মাশরুমের নমুনার জন্য হাসপাতাল পাঠিয়েছে। উল্লেখযোগ্য, গত জুলাইতেও উত্তর-পূর্ব থাইল্যান্ডের বুড়িরামে বন্য মাশরুমের কারণে একই পরিবারের তিনজনের মৃত্যু ঘটেছিল।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, সব মাশরুম নিরাপদ নয়। কিছু মাশরুমে এমন বিষাক্ত পদার্থ থাকে যা লিভার ক্ষতি, অঙ্গহানি, কার্ডিয়াক অ্যারেস্ট এবং মৃত্যুর কারণ হতে পারে। তাই বাজারের বা বন্য মাশরুম রান্নার ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি।