পুজোর আগে নিজেকে করতে চান ছিপছিপে? অনেকেই কিন্তু এখন শরীরচর্চা ও ডায়েটের উপর জোর দিচ্ছেন। বিশেষ করে পেট, কোমর এবং নিতম্বের বাড়তি মেদ হ্রাস করতে চিন্তায় থাকেন বহু মানুষ। দ্রুত ওজন কমানোর আশায় কেউ কমিয়ে দিচ্ছেন খাবারের পরিমাণ, আবার কেউ বেছে নিচ্ছেন দীর্ঘ সময় না খেয়ে থাকার পথও। তবে শরীরে সুস্থতা বজায় রেখে ওজন নিয়ন্ত্রণে রাখতে কিন্তু শুধু খাবার কমানো নয়, নিয়মিত শরীরচর্চাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই যোগাসন হতে পারে সহজ একটি বিকল্প। অভিনেত্রী মালাইকা অরোরা দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। সমাজমাধ্যমে তাঁর দেওয়া ফিটনেস টিপসও অনুসরণ করেন অনেকে। সম্প্রতি যোগাসনের মাধ্যমে কী ভাবে শরীরের বিভিন্ন অংশের পেশিকে সক্রিয় রাখা যায়, তারই কিছু পদ্ধতি তুলে ধরেছেন সমাজমাধ্যমে।
মালাইকার মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের পক্ষেই নিয়মিত জিমে গিয়ে ভারী ওজন তুলে শরীরচর্চা করা কঠিন হয়ে পড়ে। তাঁদের জন্য যোগাসন একটি তুলনামূলক সহজ পথ। নিয়ম মেনে এই ধরনের আসন প্রত্যহ অভ্যাস করলে শরীরের নমনীয়তা বাড়ানোর পাশাপাশি পিঠ ও কোমরের পেশিরও সঞ্চালনা ভালোভাবে হয়। তবে কোনও ব্যায়াম শুরুর আগে নিজের শারীরিক সক্ষমতা যাচাই করা প্রয়োজন। বিধিনিষেধ মেনে তবেই যোগাসন করা উচিত।
কপোতাসন
এই আসনে প্রথমে মাটিতে হাত ও হাঁটুর উপর ভর দিয়ে থাকতে হবে। তার পর একটি পা সামনের দিকে এনে হাঁটু ভাঁজ করে অন্য পা পিছনে বাড়িয়ে দিতে হবে। শরীরের উপরের অংশ সেই মুহূর্তে সোজা রাখা বাঞ্ছনীয়। এতে শরীরের ভারসাম্য বজায় থাকে। কিছুক্ষণ এই ভঙ্গিমায় থাকার পর পিছনে থাকা পা হাঁটুর কাছে ভাঁজ করে উপরের দিকে তোলার প্রয়াস করতে হবে। দুই হাত মাথার পিছনে বাড়িয়ে দিয়ে পায়ের পাতার সঙ্গে হাতের সংযোগ তৈরি করা যায়। তবে শরীরে অতিরিক্ত চাপ দিয়ে এই অবস্থান নেওয়া কখনোই উচিত নয়।
শলভাসন
এই আসনের জন্য উপুড় হয়ে সমতল স্থানে শুয়ে পড়তে হবে। দুই পা পাশাপাশি রেখে সোজা রাখতে হবে। হাত থাকবে ঠিক ঊরুর নীচে। এরপর ধীরে ধীরে শ্বাস নিতে নিতে প্রথমে একটি পা মাটি থেকে খানিক উপরে তুলতে হবে। হাঁটু যেন বেঁকে না যায়, সেদিকে খেয়াল রাখা অবশ্য প্রয়োজন। কয়েক সেকেন্ড ধরে রাখার পর ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পা নামিয়ে আনতে হবে। একই ভাবে দুই পা একসঙ্গে তোলার অভ্যাসও তৈরী করা যায়। কয়েকবার করে সেট আকারে এই যোগাসনটি নিয়মিত অনুশীলন করা যেতে পারে।
সিটেড হিপ রোটেশন
মাটিতে বসে দুই পা একেবারে সামনের দিকে ছড়িয়ে দিতে হবে। হাঁটু খুব সামান্য ভাঁজ করে নিতম্বের উপর শরীরের বাকি ভারটুকু রাখতে হবে। এরপর পা ও কোমরকে ধীরে ধীরে বৃত্তাকার গতিতে ঘোরাতে হবে। পুরো প্রক্রিয়ায় পিঠ যতটা সম্ভব সোজা রাখার প্রয়াস করতে হবে। এই ব্যায়ামের মাধ্যমে শরীরের নিম্নাংশের পেশিগুলি সক্রিয় থাকে এবং এটি কোমর ও নিতম্বের নমনীয়তা বাড়াতে সাহায্য করে।
তবে শুধু নির্দিষ্ট কোনও আসন করলেই পেটের মেদ দ্রুত কমে যাবে, এমন নিশ্চয়তা কিন্তু নেই। ওজন নিয়ন্ত্রণের জন্য নিয়মিত শরীরচর্চার পাশাপাশি পরিমিত ও সুষম খাবার খাওয়ার পাশাপাশি; পর্যাপ্ত ঘুম এবং ধারাবাহিকতা বজায় রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন শরীরচর্চা না করে থাকলে বা কোনও শারীরিক সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই নতুন ব্যায়াম শুরু করা ভাল।