Calcutta Television Network

টিনএজেই PCOS! কোন লক্ষণগুলো এড়ালেই বিপদ বাড়বে?

টিনএজেই PCOS! কোন লক্ষণগুলো এড়ালেই বিপদ বাড়বে?
13 September 2025 10:44:17 am

কিশোরী বয়স মানেই শরীরে একের পর এক পরিবর্তন। অনেক সময় এই পরিবর্তনগুলোকে আমরা স্বাভাবিক ভেবে এড়িয়ে যাই। কিন্তু সতর্ক না হলে, এগুলো হতে পারে ভবিষ্যতের বড় সমস্যা-যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা পিসিওএস।

বিশ্বজুড়ে সেপ্টেম্বর মাসকে পালিত হয় পিসিওএস সচেতনতা মাস (PCOS Awareness Month) হিসেবে। চিকিৎসকরা বলছেন-এই সমস্যা শুধু প্রজনন বয়সী মহিলাদের নয়, বরং টিনএজারদের মধ্যেও দ্রুত বাড়ছে। ডিজিটাল যুগের ব্যস্ত জীবন, অনিয়মিত রুটিন আর খাদ্যাভ্যাসই এর অন্যতম কারণ।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, 'কিশোরীদের মধ্যে পিসিওএস দেরিতে ধরা পড়লে প্রজনন ক্ষমতা, মেটাবলিজম, এমনকি মানসিক স্বাস্থ্যের উপরও মারাত্মক প্রভাব ফেলতে পারে।' তাহলে কোন কোন লক্ষণকে উপেক্ষা করা যাবে না? চলুন জেনে নেওয়া যাক-

অনিয়মিত পিরিয়ড

প্রথম ১-২ বছর সাইকেল অনিয়মিত থাকাটা স্বাভাবিক। কিন্তু তার পরেও যদি মাসিক একেবারে অনিয়মিত হয় বা বন্ধ হয়ে যায়-তাহলে সতর্ক হওয়ার সময় এসেছে। 

মারাত্মক ব্রণ

সাধারণ ব্রণ ও পিসিওএস ব্রণ এক নয়। বিশেষত চোয়ালের চারপাশে বা বুকে ব্রণ হলে এবং সাধারণ চিকিৎসায় না কমলে, সেটা হরমোনজনিত সমস্যা হতে পারে।

অতিরিক্ত লোম বা চুল পড়া

চিবুক, ঠোঁট, বুকে অতিরিক্ত লোম গজানো অথবা মাথার চুল পুরুষদের মতো ঝরতে শুরু করলে, সেটা স্পষ্ট হরমোন ভারসাম্যহীনতার লক্ষণ।

ওজন নিয়ন্ত্রণে সমস্যা

স্বাভাবিক খাবার ও ব্যায়াম করেও যদি ওজন বেড়ে যায়, সেটা ইনসুলিন রেজিস্ট্যান্সের ইঙ্গিত-যা পিসিওএসের মূল কারণগুলির একটি।

মুড সুইংস ও আত্মবিশ্বাস কমে যাওয়া

শুধু শরীর নয়, মনেও প্রভাব ফেলে পিসিওএস। ব্রণ বা অতিরিক্ত লোমের কারণে অনেক কিশোরী উদ্বেগ, হীনমন্যতা ও আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগেন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, এই উপসর্গগুলো দেখা দিলে অবহেলা নয়, দ্রুত গাইনোকোলজিস্টের কাছে যাওয়া জরুরি। সময়মতো চিকিৎসা শুরু হলে মাসিক স্বাভাবিক হবে, ভবিষ্যতের হরমোন ও প্রজনন সমস্যাও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

×
  • CTVN