বীরভূমের স্বাস্থ্য বিভাগে চাকরির সুযোগ। জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চুক্তির ভিত্তিতে মোট পাঁচটি শূন্যপদে নিয়োগ করা হবে। ন্যাশনাল হেলথ মিশনের অধীনে XV-FC Health Grants এবং ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা বেতন পাবেন।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জিএনএম (জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি) অথবা বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা বাধ্যতামূলক।
আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতাও প্রয়োজন। ২০২৬ সালের ১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে (https://birbhum.gov.in/notice_category/recruitment/) আবেদন করতে হবে। বীরভূম জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৩ নভেম্বর ২০২৬ থেকে। নাম নথিভুক্তকরণ এবং আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ২৩ নভেম্বর। চূড়ান্ত আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬।
জিএনএম অথবা বিএসসি নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুসারেই প্রার্থী নির্বাচন করা হবে। তাই আবেদনের আগে যোগ্যতা, বয়সসীমা, আবেদনমূল্য এবং অন্যান্য শর্ত মূল বিজ্ঞপ্তি থেকে ভালোভাবে দেখে নেওয়া জরুরি। নিয়োগ সংক্রান্ত সকল আপডেট পেতে চোখ রাখতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে www.wbhealth.gov.in এবং বীরভূম জেলা প্রশাসনের ওয়েবসাইটটিও www.birbhum.nic.in নজরে রাখতে হবে।