ব্যাঙ্কিং ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের জন্য নতুন চাকরির সুযোগ নিয়ে এসেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে চুক্তিভিত্তিক কাউন্সেলর পদে কর্মী নিয়োগ করা হবে। নিযুক্তদের কাজের স্থান হবে আলিপুরদুয়ারে ব্যাঙ্কের ফিন্যানশিয়াল লিটারেসি সেন্টার।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়োগ চুক্তির ভিত্তিতে করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হবে। কাজের সন্তোষজনক পারফরম্যান্স থাকলে পরবর্তীতে সেই মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে নিযুক্তদের মাসিক পারিশ্রমিক ২৫,০০০ টাকা দেওয়া হবে।
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ৪৫ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকা প্রয়োজন। পাশাপাশি আবেদনকারীদের সরকারি ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত থাকার অভিজ্ঞতা থাকতে হবে এবং সাধারণত অবসরপ্রাপ্ত কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে হবে।
এই পদে নিয়োগের জন্য ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের বাছাই করা হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২০ মার্চ।