দেশের গুরুত্বপূর্ণ টেলিকম ও আইটি পরিকাঠামো সংস্থা RailTel Corporation of India Limited-এ নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার টেকনিক্যাল বিভাগ বা ডেটা সেন্টারের জন্য বিভিন্ন পদে নিয়োগ করা হবে। শনিবার রাষ্ট্রায়ত্ত এই সংস্থার তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অফলাইনে আবেদনপত্র জমা দিতে হবে।
এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৯টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। নিয়োগ করা হবে ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল), ম্যানেজার (টেকনিক্যাল) এবং সিনিয়র ম্যানেজার (টেকনিক্যাল) পদে। নির্বাচিত প্রার্থীদের প্রথম দু’বছর প্রোবেশনে রাখা হবে। কাজের প্রয়োজন অনুযায়ী তাঁদের দেশের বিভিন্ন প্রান্তে এমনকি বিদেশেও পোস্টিং দেওয়া হতে পারে।
পদভেদে বেতনও বেশ আকর্ষণীয়। নিযুক্তদের মাসিক বেতন ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা অথবা ৬০,০০০ থেকে ১,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
আবেদনের ক্ষেত্রে বিভিন্ন পদের জন্য বয়সসীমা আলাদা রাখা হয়েছে। কোনও পদে ২১ থেকে ৩০ বছর, আবার কোনও পদে ২৭ থেকে ৩৪ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বিষয়ে বিই, বিটেক বা বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কয়েক বছরের কাজের অভিজ্ঞতা এবং আধুনিক প্রযুক্তি সংক্রান্ত সার্টিফিকেশন থাকা প্রয়োজন।
নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। আবেদন করতে হলে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনমূল্য হিসেবে সংরক্ষিত শ্রেণির জন্য ৬০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ১২০০ টাকা জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ৬ এপ্রিল।