প্রযুক্তি ও গবেষণার জগতে কাজ করতে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি), কল্যাণী। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য ইন্টার্ন নিয়োগ করা হবে। মোট তিনটি শূন্যপদে এই নিয়োগ করা হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের ক্রিপ্টোলজি বা কোডভিত্তিক গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা সংশ্লিষ্ট বিষয়ে বিটেক (B.Tech) ডিগ্রি অর্জন করেছেন- এমন প্রার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
এছাড়াও যাঁরা বর্তমানে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক স্তরের তৃতীয় বা চতুর্থ বর্ষে পড়ছেন, তাঁরাও আবেদন করতে পারবেন। অন্যদিকে গণিতে স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন, তবে তাঁদের অবশ্যই Graduate Aptitude Test in Engineering (GATE) পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এই ইন্টার্নশিপের জন্য আবেদনকারীদের ক্রিপ্টোলজি, কোডিং থিয়োরি এবং প্রোগ্রামিং বিষয়ে দক্ষতা থাকা জরুরি। বিশেষ করে পাইথন, আনসি সি-এর মতো প্রোগ্রামিং ভাষায় কাজের অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত সুবিধা হিসেবে বিবেচিত হবে।
নির্বাচিত প্রার্থীরা প্রায় দেড় মাসের চুক্তিতে কাজ করার সুযোগ পাবেন। তাঁদের প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা দেওয়া হবে।
আবেদন করবেন কীভাবে? আগ্রহী প্রার্থীদের ই-মেল মারফত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথি ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ জমা দিতে হবে।
এই ইন্টার্নশিপে আবেদন করার শেষ তারিখ ৯ মার্চ। তাই যারা যোগ্য এবং গবেষণার জগতে কাজ করতে চান, তাঁদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।