চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ! ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে? GATE পরীক্ষায় বসেছেন? তাহলে রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) লিমিটেডে চাকরির সুযোগ পেতে পারেন। GATE ২০২৭-এর স্কোরের ভিত্তিতে এগ্জ়িকিউটিভ ট্রেনি পদে নিয়োগের বিজ্ঞপ্তি (https://www.gailonline.com/) প্রকাশ করেছে সংস্থাটি। কেমিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল-এই চারটি ইঞ্জিনিয়ারিং শাখায় নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৬৫ শতাংশ নম্বর-সহ ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। যাঁরা GATE ২০২৭ পরীক্ষায় বসেছেন, তাঁরাই এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট শর্ত।সমস্ত এগ্জ়িকিউটিভ ট্রেনি পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ২৬ বছর। ১৮ মার্চ ২০২৭ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কেমিক্যাল শাখার প্রার্থীদের কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। ইনস্ট্রুমেন্টেশন পদের জন্য ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন-সহ সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা প্রয়োজন। ইলেকট্রিক্যাল পদের জন্য ইলেকট্রিক্যাল ও সংশ্লিষ্ট শাখার ডিগ্রি এবং মেকানিক্যাল পদের জন্য মেকানিক্যাল, প্রোডাকশন, ম্যানুফ্যাকচারিং বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকা আবশ্যক। আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৭ ফেব্রুয়ারি ২০২৭ থেকে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ১৮ মার্চ ২০২৭।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে GATE ২০২৭ পরীক্ষায় বসতে হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং প্রয়োজনীয় শূন্যপদের ভিত্তিতে পরবর্তী নির্বাচনী ধাপের জন্য বাছাই করা হবে। তাই আবেদন করার আগে নিজের ইঞ্জিনিয়ারিং শাখা, নম্বর এবং বয়সের যোগ্যতা মিলিয়ে নেওয়া জরুরি। বিস্তারিত জানতে গেইলের সরকারি ওয়েবসাইট দেখতে হবে।