প্রযুক্তির যুগে দক্ষতার কদরই শেষ কথা-আর সেই দক্ষতা যদি হয় ডিপ লার্নিং ও পাইথনের মতো আধুনিক টুলে, তাহলে সুযোগ যেন হাতছানি দিচ্ছে। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), খড়্গপুর এবার স্নাতকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ সুযোগ।
আইআইটি খড়্গপুরের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি কেন্দ্রীয় অর্থপুষ্ট গবেষণা প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো (JRF) পদে নিয়োগ করা হবে। মোট দুটি শূন্যপদ রয়েছে। এই প্রকল্পটি অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থানুকূল্যে পরিচালিত, যেখানে প্রার্থীদের ডিপ লার্নিং ও পাইথন ব্যবহার করে মডেল ডেভেলপমেন্টে কাজ করতে হবে।
আবেদনের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স বা সমতুল বিষয়ে স্নাতক হতে হবে এবং ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (GATE) উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।
এই পদে নিয়োগ হবে ২৪ মাসের চুক্তিতে, এবং প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। নির্বাচিতদের প্রতি মাসে ৩৭,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে-যা একদিকে যেমন অভিজ্ঞতা বাড়াবে, তেমনি আর্থিক দিক থেকেও সহায়ক।
আগ্রহীরা অনলাইনে আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১১ মে। প্রযুক্তি ও গবেষণার জগতে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছেন যারা, তাদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় সুযোগ।