Calcutta Television Network

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১,৫০০টি শিক্ষানবিশ পদে নিয়োগ! স্নাতক হলেই আবেদন, কী ভাবে করবেন?

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১,৫০০টি শিক্ষানবিশ পদে নিয়োগ! স্নাতক হলেই আবেদন, কী ভাবে করবেন?
10 November 2026 • 11:17:28 am

 চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! ইন্ডিয়ান ব্যাঙ্কে বিপুল সংখ্যক শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের তরফে মোট ১,৫০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই ৫ নভেম্বর ২০২৬ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর ২০২৬।

 শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন? আবেদনকারীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত সমতুল্য যোগ্যতাও গ্রহণ করা হবে। তবে প্রার্থীদের স্নাতক উত্তীর্ণ হওয়ার তারিখ ১ এপ্রিল ২০২২ থেকে ১ নভেম্বর ২০২৬-এর মধ্যে হতে হবে।

 বয়সসীমা কত? ১ নভেম্বর ২০২৬ তারিখের নিরিখে আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ, জন্মতারিখ হতে হবে ২ নভেম্বর ১৯৯৮ থেকে ১ নভেম্বর ২০০৬-এর মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

 কী ভাবে হবে নিয়োগ? প্রার্থীদের নির্বাচন করা হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় থাকবে মোট ১০০টি প্রশ্ন, পূর্ণমান ১০০ এবং সময়সীমা ৬০ মিনিট। রিজনিং অ্যাপ্টিটিউড, কম্পিউটার জ্ঞান, ইংরেজি ভাষা, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড এবং ব্যাঙ্কিং শিল্পের উপর বিশেষ গুরুত্ব-সহ সাধারণ জ্ঞান-এই পাঁচটি বিভাগ থেকে প্রশ্ন করা হবে।

 আবেদনমূল্য ও আবেদনের পদ্ধতি  সাধারণ, ওবিসি এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের আবেদনমূল্য ৮০০ টাকা এবং জিএসটি। এসসি, এসটি ও বিশেষ ভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে এই ফি ১৭৫ টাকা এবং জিএসটি।

 আবেদনের জন্য প্রথমে ইন্ডিয়ান ব্যাঙ্কের ওয়েবসাইট indianbank.bank.in-এ যেতে হবে। এরপর ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গিয়ে ‘অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন’ লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দিয়ে আবেদনমূল্য মেটাতে হবে। সবশেষে আবেদনপত্র জমা দিয়ে নিশ্চিতকরণ পৃষ্ঠাটি ডাউনলোড করে প্রিন্ট রাখতে হবে। আবেদনের শেষ দিন ২৫ নভেম্বর ২০২৬।