চাকরির খোঁজ করছেন হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হোটেল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করা প্রার্থীরা? তাঁদের জন্য সুখবর। কলকাতার সায়েন্স সিটিতে প্রশিক্ষণার্থী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়ামসের (NCSM) অঙ্গপ্রতিষ্ঠান সায়েন্স সিটির তরফে এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ট্রেনি পদে নিয়োগ করা হবে একজনকে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। তবে সংস্থার প্রয়োজন অনুযায়ী চাকরির মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতন পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হসপিটালিটি ম্যানেজমেন্ট অথবা হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাগত যোগ্যতা ছাড়াও অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে। সে বিষয়ে বিস্তারিত জানতে সায়েন্স সিটির প্রকাশিত মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়া জরুরি।
কী ভাবে হবে নিয়োগ?
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে। তবে ইন্টারভিউয়ে অংশগ্রহণের আগে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তার জন্য প্রথমে কলকাতার সায়েন্স সিটির সরকারি ওয়েবসাইট https://sciencecitykolkata.org.in/ খুলতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিয়ে সেখানে দেওয়া নির্দেশিকা মেনে আবেদন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর। ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ২৫ নভেম্বর। তবে নির্বাচনের সময় লিখিত পরীক্ষা অথবা অ্যাপ্টিটিউড টেস্টও নেওয়া হতে পারে। তাই আবেদনের আগে বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত শর্ত ও নির্দেশিকা ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন।