চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ। ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (NFDC) লিমিটেডে জুনিয়র প্রোগ্রামার পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই মর্মে সংস্থার ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে মুম্বই। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে সংস্থার প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। এই পদে নিযুক্ত প্রার্থী প্রতি মাসে ৬০ হাজার টাকা বেতন পাবেন।
কারা আবেদন করতে পারবেন?
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস কমিউনিকেশন, মার্কেটিং, মিডিয়া স্টাডিজ়, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ম্যানেজমেন্ট স্টাডিজ় বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এ ছাড়াও মাস্টার অফ বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন (MBA) ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
তবে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও বাধ্যতামূলক। আবেদনকারীদের চলচ্চিত্র জগতের সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। অন্যান্য যোগ্যতা ও শর্ত সম্পর্কে জানতে মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া জরুরি।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের প্রথমে NFDC-র সরকারি ওয়েবসাইট https://www.nfdcindia.com/careers/en-এ যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি খুঁজে নিয়ে সেখানে দেওয়া নির্দেশিকা অনুসরণ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর। তাই আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথিপত্র এবং অন্যান্য শর্ত জানতে সংস্থার সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়া প্রয়োজন।